মেন্টালে শাকিবের নায়িকা তিশা

গত বছরের ডিসেম্বরে প্রেম করে আমি মরব ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন নুসরাত ইমরোজ তিশা। ছবিটির শুটিং এখনো শুরু হয়নি। এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আবারও শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন তিশা। অবশেষে গুঞ্জন সত্যে পরিণত হলো। অভিনেত্রী তিশা আবারও অভিনয় করতে যাচ্ছেন শাকিব খানের বিপরীতে। ছবির নাম মেন্টাল। গত শুক্রবার রাতে মেন্টাল ছবিতে শাকিবের বিপরীতে অভিনয়ের সম্মতির বিনিময়ে সাইনিং মানি নিয়েছেন তিশা।
তিশা বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই আমি মেন্টাল ছবির গল্পটি পড়ছি। পুরো স্ক্রিপ্ট পড়ার পর মনে হয়েছে, ছবিটিতে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। আমি আসলে সেই সুযোগটা কাজে লাগাতে চাই।’
মেন্টাল ছবিতে তিশার চরিত্রের নাম সিমি। সিমি একজন সাংবাদিক; যিনি কাজ করেন অপরাধ নিয়ে। ছবিতে তিশার জুটি হিসেবে থাকছেন শাকিব খান।
তিশা বললেন, ‘নিঃসন্দেহে শাকিব খান বাংলাদেশি চলচ্চিত্রের অনেক জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। তিনি শুধু আমার নন, অনেকেরই পছন্দের অভিনয়শিল্পী। সহশিল্পী হিসেবে তাঁকে পাওয়াটা যেকোনো অভিনয়শিল্পীর জন্যই অনেক বেশি আনন্দের। বলে রাখি, ছবিটিতে আমাকে সবাই একেবারে নতুনরূপে দেখতে পাবেন।’
মেন্টাল ছবির পরিচালক শামীম আহমেদ রনি। তাঁর ছবিতে অভিনয়শিল্পী হিসেবে তিশাকে অন্তর্ভুক্ত করতে পেরে অনেকটা নির্ভার বলে জানান তিনি। বললেন, ‘আমার ছবির সিমি চরিত্রে অভিনয়ের জন্য তিশার মতোই একজন অভিনেত্রী দরকার ছিল। চরিত্রটিতে অভিনয়ের জন্য সব ধরনের যোগ্যতাই তিশার মধ্যে আছে। চরিত্রটির জন্য তিশার বিকল্প আমরা কাউকে ভাবতে পারিনি। তাই তিশাকে আমরা নির্বাচন করেছি। তা ছাড়া তিশার সবশ্রেণির দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আছে, যা কিনা আমাদের ছবির জন্য ভালো দিক।’
বাংলা এক্সপ্রেস ফিল্মস প্রযোজিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত মেন্টাল ছবিতে আরও অভিনয় করবেন আঁচল, কাবিলা, মিশা সওদাগর প্রমুখ।
ডিসেম্বরের ১১ তারিখ থেকে ঢাকার এফডিসিতে শাকিব ও তিশাকে দিয়ে মেন্টাল ছবির শুটিং শুরু হবে।