মৌসুমীর মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌসুমী ও ফেরদৌস
মৌসুমী ও ফেরদৌস

চিত্রনায়ক ফেরদৌস নাকি চালাকি করেন। আর তাঁর এই চালাকি ধরাও পড়ে যায়। বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ককে নিয়ে এমন মন্তব্য করেছেন আরেক জনপ্রিয় নায়িকা মৌসুমী।
ঢাকার একটি অভিজাত হোটেলে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী। সেখানেই কথা বলার একপর্যায়ে ব্যক্তি ফেরদৌসকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি। মৌসুমীর এমন মন্তব্যের সময় কোনো কথা না বলে ফেরদৌস শুধু হেসেছেন।
গুলশানের সেই হোটেলে মুখোমুখি হওয়ার ঠিক এক দিন পরেই এই জুটি উড়াল দেন কানাডা ও যুক্তরাষ্ট্রের পথে। সেদিনের সেই দীর্ঘ আড্ডায় তাঁরা চলচ্চিত্রের নানা দিক নিয়েও কথা বলেন, যা এরই মধ্যে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘আনন্দ’তে প্রকাশিত হয়েছে। সেই আড্ডায় ব্যক্তি ফেরদৌসকে নিয়েও কথা বলেন মৌসুমী।
মৌসুমী বলেন, ‘ফেরদৌসকে প্রথম দিন যেমন দেখেছিলাম, এখনো তেমনই আছে। কোনো ধরনের পরিবর্তন তার হয়নি। সে ব্যক্তিগত আর পেশাজীবন এক করে ফেলে না। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের প্রতি ওর যতটা আন্তরিকতা দেখেছি, তার অন্য কোনো বন্ধুবান্ধবের মধ্যে আমি সেভাবে দেখিনি। আমি খুব গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করি।’
ফেরদৌসকে নির্মোহ ও নির্লোভ উল্লেখ করে মৌসুমী বলেন, ‘টাকাপয়সার প্রতি তার মোহ আমার চোখে পড়েনি। ভালো কাজের প্রতি তার আগ্রহটা বেশি। যখন কারও সঙ্গে কোনো কমিটমেন্ট করে, সেটা সে অবশ্যই পালন করে।’
ফেরদৌসের ইতিবাচক দিকের পাশাপাশি দু-একটা নেতিবাচক দিকের কথাও বললেন মৌসুমী। ‘ওর সবচেয়ে বড় দোষ হচ্ছে, মাঝেমধ্যে একটু চালাকি করার চেষ্টা করে, (হাসি) আবার ধরাও খায়। এক অর্থে এটা আবার বড় কোনো দোষও না।’
অবশ্য মৌসুমী বলেছেন, ‘একটা মানুষ মিথ্যা না বলা পর্যন্ত আমি ওটাকে দোষ ধরি না। মিথ্যাচার বলতে আমি যেটা বুঝি, তা হচ্ছে কাউকে সাত-পাঁচ বোঝানো। ইনিয়ে-বিনিয়ে কথা বলা। মিথ্যা জিনিসকে প্রতিষ্ঠিত করানো। ওই জিনিসটা অবশ্য ওর মধ্যে নেই।’
চালাকি করার পর ধরা পড়লে কী করেন? ফেরদৌসকে এ প্রশ্ন করলে তাঁর উত্তর, ‘ধরা খাইলে, মুগুর সব ঘাড়ে পড়ে।’