মেয়াদ শেষ, এখনো তফসিল ঘোষণা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের দুই বছরের মেয়াদ শেষ হয়ে গেছে গত ৭ ফেব্রুয়ারি। কিন্তু নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনো। শিল্পী সমিতির গঠনতন্ত্রের ৮(চ)—তে আছে, ‘পূর্ববর্তী কার্যকরী পরিষদের মেয়াদ অন্তে অতিরিক্ত ৯০ দিনের মধ্যে নির্বাচন হইতে হইবে।’ তবে নির্বাচনের দিন পর্যন্ত আগের কমিটিই ক্ষমতায় বহাল থাকবে।
গঠনতন্ত্রে তফসিল ঘোষণার সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও শিল্পীরা বলছেন, যদি ৯০ দিনের মধ্যে নির্বাচন করতেই হয়, তাহলে কমিটি মেয়াদ থাকাকালীন সময়ের শেষে বা মেয়াদ শেষ হওয়ার দিনই পরবর্তী নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করতে হয়। এ ব্যাপারে আগামী নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী মিশা সওদাগর। তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হলে মেয়াদ শেষ হওয়ার আগে অথবা মেয়াদ শেষের দিনই তফসিল ঘোষণা করা উচিত। কিন্তু তা তাঁরা করেননি। প্রায় তিন সপ্তাহ হয়ে গেল মেয়াদ শেষ হয়েছে, এখনো তাঁদের এ ব্যাপারে কোনো আগ্রহই দেখা যাচ্ছে না। এটি চলচ্চিত্র শিল্পীদের জন্য শুভকর নয়।’
তবে মিশা সওদাগরের কথা মানতে নারাজ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অমিত হাসান। তিনি বলেন, ‘আগেও তো এমন হয়েছে, তখন তো কেউ এভাবে বলেননি। তফসিল ঘোষণার কথা কোথাও সুনির্দিষ্ট করে লেখা নেই। গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করছি। তার আগেই তফসিল ঘোষণা হবে।’
তবে কবে নির্বাচন হবে, তাও এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই শিল্পী সমিতির নেতা। বলেন, ‘আগামী ৫ মার্চ সমিতির পিকনিক। তার আগে ৩ মার্চ (আজ) আমাদের কমিটির মিটিং আছে। সেখানে তফসিল ঘোষণার দিন নির্ধারণ হবে।’
কবে নাগাদ নির্বাচন হতে পারে—জানতে চাইলে অমিত হাসান বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার অতিরিক্ত তিন মাস সময়ের মধ্যেই নির্বাচন হবে। আশা করছি এপ্রিল মাসের শেষ দিকে হবে।’
এদিকে তফসিল ঘোষণা না হলেও আগামী নির্বাচনে অংশ নিতে সম্ভাব্য দুটি প্যানেলেরই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ চূড়ান্ত হয়ে গেছে।
সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে নিয়ে একটি প্যানেল এবং ওমর সানীকে সভাপতি ও ইলিয়াস কোবরাকে সাধারণ সম্পাদক করে আরেকটি প্যানেল গঠন করা হয়েছে।
এরই মধ্যে দুই প্যানেল ভোটযুদ্ধে নেমে পড়েছে। প্রতিদিনই তাঁরা শিল্পীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইছেন। পাশাপাশি তাঁরা শিল্পীদের জন্মদিন বা বিবাহবার্ষিকী ধরে দল বেঁধে বিভিন্ন শিল্পীর বাসায় গিয়ে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন।