‘মোগো সাব্বির পাগল ওইবে ক্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অনেকেই আমাকে ছুঁয়ে দেখেও বিশ্বাস করতে পারেননি’– মীর সাব্বির
ছবি: ফেসবুক

মাথায় উষ্কখুষ্ক চুল। ময়লা লুঙ্গি পরা, গায়ে ময়লা। ভাব-ভঙ্গিতে অস্বাভাবিক। এমন একজনকে দেখে বরগুনার লতাকাটা গ্রামের সবার একটাই প্রশ্ন, ‘কে এই লোক। তিনি কি আমাদের সাব্বির?’ এই সময় অভিনেতা মীর সাব্বিরকে অনেকে ছুঁয়ে দেখেও বিশ্বাস করতে চান না। ‘মোগো সাব্বির পাগল ওইবে ক্যা।’

‘রাত জাগা ফুল’ সিনেমার গানের অংশের শুটিং সেট
ছবি: ফেসবুক

‘রাত জাগা ফুল’ সিনেমার শুটিং সেট থেকে প্রতিদিনই ভক্তদের কাছে এমন কথা শুনতে হয়েছে সিনেমাটির নির্মাতা ও অভিনেতা মীর সাব্বিরকে। গতকাল অনলাইনে মুক্তি পেয়েছে ‘রাত জাগা ফুল’ সিনেমার প্রথম গান। গানটির শুটিং হয়েছে লতাকাটা গ্রামের খেয়াঘাটপাড়ে। গানের শুটিংয়ের জন্য সেখানে মেলার আয়োজন করা হয়েছিল। প্রথমদিকে মেলা মনে করে গ্রামের লোকজন ভিড় জামাতে থাকেন। অনেকেই মনে করেছিলেন, মেলার সাংবাদিক ভিডিও করছেন। পরে শুটিং শেষ হলেও দুই দিন ধরে চলে মেলা। মীর সাব্বির বলেন, ‘মেলার মধ্যে আমাকে পাগলামির শুটিং করতে দেখে বেশির ভাগ লোক কনফিউজড। তখনো তাঁরা আমাকে চিনতে পারেননি। যখন শুনলেন মীর সাব্বির, অনেকেই বলতে লাগলেন, “এ আমাদের মীর সাব্বির না, এটা অন্য সাব্বির।” অনেকেই আমাকে ছুঁয়ে দেখেও বিশ্বাস করতে পারেননি, আমিই সাব্বির। টানা তিন দিন শুটিংয়ে একই কথা শুনতে হয়েছে। আমার জেলা বরগুনা। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে আমাকে নিজেদের একজন মনে করেন, এটা আমাকে আবার মুগ্ধ করেছে।’

বললে বাড়াবাড়ি হবে না, বছরটা চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর জন্য অন্য রকম যাচ্ছে
ছবি: ফেসবুক

বললে বাড়াবাড়ি হবে না, বছরটা চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর জন্য অন্য রকম যাচ্ছে। বাড়তি কিছু। সিনেমা কবে মুক্তি পাবে শুনতে শুনতে যখন হয়রান, তখন একসঙ্গে দুটি সুখবর পেলেন তিনি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ৩১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘রাত জাগা ফুল’। ঐশী বলেন, ‘মেলায় একটা গানের অংশ নিয়েছি। গল্পে ছিল মেলায় গান হবে। সেখানে আমি ছবি তুলব। ছবি তুলতে তুলতে একসময় গানের সঙ্গে আমাকে নাচতে দেখবেন দর্শক। মজার গল্প এবং উপস্থাপনায় ভিন্ন ঘরানার সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’

‘রঙে রঙে দুনিয়াটা, রঙের কত বাহার’ শিরোনামের গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও শফি মণ্ডল। ছবিতে এস আই টুটুলের সঙ্গে মীর সাব্বির
ছবি: ফেসবুক

‘রঙে রঙে দুনিয়াটা, রঙের কত বাহার’ শিরোনামের গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও শফি মণ্ডল। সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানটি লিখেছেন মীর সাব্বির নিজেই। তিনি বলেন, ‘সব সময়ই ডুয়েট গান ছেলে ও নারী কণ্ঠশিল্পীরা গেয়ে থাকেন। আমি চেষ্টা করেছি দুজন পুরুষ কণ্ঠশিল্পীর গান দিয়েই ভিন্নভাবে তুলে ধরতে। আশা করছি সিনেমাটিও দর্শক পছন্দ করবেন।’ সরকারি অনুদানের সিনেমাটি ৩১ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, রাশেদ মামুন অপু, জয়রাজ, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

সরকারি অনুদানের সিনেমাটি ৩১ ডিসেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে
ছবি: সংগৃহীত