'মৌসুমি' প্রযোজকদের কারণেই চলচ্চিত্রের বারোটা
‘চলচ্চিত্রে হঠাৎ হঠাৎ মৌসুমি (সিজনাল) প্রযোজকের আবির্ভাব ঘটে। ইদানীং এদের আনাগোনা বেশিই। এঁদের প্রচুর অলস টাকা; চলচ্চিত্রের কিছুই জানেন না, তারপরও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হন তাঁরা। দেশের চলচ্চিত্রের শেষ ক্ষতিটা এই মৌসুমি প্রযোজকেরাই করে যাচ্ছেন।’ আজ সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানালেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।
গুলজার বলেন,‘বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ করেই কিছু প্রযোজক আসেন, যাঁরা চলচ্চিত্রের কোনো কিছুই বোঝেন না। তাঁরা অনেক টাকা পয়সা নিয়ে ছবি বানাতে আসেন, উল্টাপাল্টা টাকা খরচ করেন। যার ফলে চলচ্চিত্রের বারোটা বাজে।’ তিনি বলেন, ‘কিছু পরিচালক এসব প্রযোজককে উল্টাপাল্টা স্বপ্ন দেখিয়ে বিভ্রান্তও করেন। এমনও বলতে শোনা যায়, আপনারা (প্রযোজকেরা) দুই কোটি টাকা খরচ করলে তিন কোটি টাকা লাভ পাবেন, যা আসলে অবিশ্বাস্য। এ ক্ষেত্রে ওই সব পরিচালকও কোনো অংশে এর দায় এড়াতে পারেন না।’
গুলজার এও বলেন, ‘মৌসুমি প্রযোজকেরা কোনো কিছু না বুঝেই শিল্পীদের পারিশ্রমিকও বেশি দেন। এতে করে শিল্পীরাও পরের ছবি থেকে কারণ ছাড়াই চড়া পারিশ্রমিক হাঁকাতে থাকেন। শিল্পীরা মনে করেন, আগের ছবিতে তো আমি দশ লাখ টাকা নিয়েছি, এই ছবিতে কেন ছয় লাখ কিংবা পাঁচ লাখ টাকা নেব? এতে অনেক বড় একটা সমস্যা তৈরি হয়। আমরা যাঁরা অল্প বাজেটে ভালো গল্প থাকা সত্ত্বেও ভালো শিল্পী নিয়ে ছবি বানানোর চিন্তা করি তাঁরা আর ভালো ছবি বানাতে পারি না। শিল্পীরাও বঞ্চিত হন ভালো কাজ করার সুযোগ থেকে।’
গুলজারের এ কথায় সম্মতি জানালেন পরিচালক বদিউল আলম খোকন। কয়েক বছর ধরে তিনি বাংলাদেশি চলচ্চিত্রের বড় বাজেটের ছবিগুলো নির্মাণ করে বেশ আলোচিত। জনপ্রিয় এই পরিচালক প্রথম আলোকে বলেন, ‘সত্যি কথা বলতে, মৌসুমি প্রযোজকেরা সত্যিকার ব্যবসা করার মানসিকতা নিয়ে চলচ্চিত্রে আসেন না। তাঁরা ভিন্ন একটা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এখানে আসেন। একটা বিষয় লক্ষ করলে দেখা যায়, মৌসুমি প্রযোজকেরা দ্বিতীয়বার ছবি বানানোর সঙ্গে যুক্ত থাকেন না। তা ছাড়া, তাঁরা কিন্তু সুন্দরভাবে পথ চলার উদ্দেশ্যেও আসেন না। দেখা যায়, এই ধরনের প্রযোজকেরা ছবি নির্মাণের জন্য এমন পরিচালক নির্বাচিত করেন যাদের চিনতেও কষ্ট হয়।
শিল্পীদের মধ্যে কাদের নিয়ে এঁরা কাজ করেন সেটারও কোনো হিসেব নেই। কোনো ধরনের কারণ ছাড়াই এঁরা শিল্পী সম্মানীও বাড়িয়ে দেন। চলচ্চিত্র ব্যবসার কোনো কিছু না বুঝে তাঁরা যাচ্ছেতাই সিদ্ধান্তও তাঁরা নিয়ে থাকেন। এই ধরনের কোনো প্রযোজককে ভুলেও কাকরাইল এলাকায় দেখা যায় না। এরাই বাংলাদেশি সিনেমার শেষ বারোটা বাজাচ্ছেন।’
খোকন এও বলেন, ‘মৌসুমি প্রযোজকের অন্য উদ্দেশ্যও থাকে। ব্যবসা তাঁদের একমাত্র উদ্দেশ্য নয়। আমার অভিজ্ঞতায় মনে হয়, সিনেমায় বিনিয়োগ দেখিয়ে তাঁরা কালো টাকা সাদা করেন। তাঁদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, সবকিছু বুঝে-শুনে তারপরই ছবি নির্মাণের সঙ্গে যুক্ত হন আপনারা।’