মৌসুমী হামিদের পর্দা অভিষেক ৭ আগস্ট

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-২’ বা ‘ব্ল্যাক মেইল’ নয়, লাক্স তারকা মৌসুমী হামিদের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ‘ব্ল্যাকমানি’ চলচ্চিত্র দিয়ে। সাফি উদ্দিন সাফি পরিচালিত এ ছবিটি দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ৭ আগস্ট।
প্রথম চলচ্চিত্র, সংগত কারণেই মৌসুমী হামিদ বেশ আনন্দিত। নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন বেশ বিনয় নিয়ে। বললেন, ‘দর্শক প্রথম পর্দায় আমাকে দেখবেন, তাই ভীষণ এক্সাইটেড আমি। কিছুটা টেনশনও কাজ করছে। তবে আমি ভীষণ আশাবাদী এ ছবিটি নিয়ে। এই মুহূর্তে সবার কাছে দোয়া চাচ্ছি, যেন ছবিটি সাফল্য লাভ করে। আর অবশ্যই অনুরোধ করব, প্লিজ, সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।’
মুভি প্ল্যানেট মাল্টি মিডিয়ার ব্যানারে নির্মিত রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সায়মন ও কেয়া। আরও আছেন রুবেল, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, আফজাল শরিফ প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী, পলাশ, দিনাত জাহান মুন্নী, সায়মন, কনা, তাসিফ, লেমিস ও অ্যানি।