যতবারই এই দৃশ্যগুলা দেখেছি, কান্না আটকাতে পারি নাই: ফেসবুকে ফারুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রব ফরুকী ও মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকে বেশির ভাগ চারপাশের ঘটনাগুলো দর্শকের সামনে এনেছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এর মধ্যে অন্যতম ছিল তাঁর মা–বাবার নানা ঘটনাকে প্রাধান্য দেওয়া। মায়ের পর গত কাল শুক্রবার বাবাকে হারিয়েছেন এই নির্মাতা। এই শোকের শেষ নেই। এই নির্মাতা মা–বাবার নানা ঘটনা স্মৃতিচারণা করলেন ফেসবুকে।

শুরুতেই ফারুকী লিখেছেন, ‘আব্বা-আম্মা নানাভাবে আমার নানা কাজের মধ্য দিয়ে ছড়িয়ে আছে। কোথাও আমি টের পাই, কোথাও আমি জানিই না, কোন অলক্ষ্যে তারা দুইজন ঢুকে বসে আছে আমার নানা দৃশ্যে। টেলিভিশন ছবিতে আব্বা আছেন তার সিংহসুলভ ভঙ্গি নিয়ে। যেটা নিয়ে এর আগেও আমি কয়েকবার লিখছি।’

‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ এর পোস্টার
ছবি: সংগৃহীত

দর্শকদের সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করলেও অজানাই ছিল এই নির্মাতা অরিজিনাল সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’–এ তাঁর বাবার উপস্থিতির কথা। ফারুকী মনে করেন, এই সিরিজে কারও কারও সবচেয়ে বেশি পছন্দ আফজাল হোসেন ও ফারিণের অংশগুলো। আবার কারও পছন্দ লরা-সাবিলার অংশগুলো। তবে তিনি সবচেয়ে বেশি শুনেছেন সাবিলার সঙ্গে তাঁর বাবার দৃশ্যগুলোর কথা। ফারুকী লিখেছেন,‘এই অংশগুলো পুরাটাই আমার আব্বাকে যেভাবে দেখেছি সেভাবে নেওয়া। আব্বার শেষ দিকে এসে পারকিনসন রোগ হয় এবং ধীরে ধীরে সেটা থেকে এক্সট্রিম ডিমেনশিয়া হয়। উনি তখন বর্তমান আর অতীতের মাঝখানে এক লুসিড জগতে বাস করতে থাকেন। সন্তান হিসেবে সিংহের মতো বাবাকে এ রকম মিইয়ে যেতে দেখা ছিল আমার জীবনের সবচেয়ে হার্ড এক্সপেরিয়েন্স। “লেডিজ অ্যান্ড জেন্টলম্যান”টা কালকে আবার দেখলাম, বিশেষ করে সাবিলা-বাবার দৃশ্যগুলা। নিজে বানানো জিনিস দেখে ইমোশনাল হওয়া খুব কঠিন কাজ। কিন্তু এই পর্যন্ত যতবারই এই দৃশ্যগুলা দেখেছি, কান্না আটকাতে পারি নাই। কাল তো আরও পারি নাই।’

স্টাটাসের সঙ্গে মামুনুর রশীদের ছবিটি পোস্ট করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই চরিত্রের মধ্যে দিয়েই বাবার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছেন
ছবি: সংগৃহীত

ফারুকী আরও লিখেছেন, ‘আব্বা-আম্মা বেঁচে থাকতে নানাভাবে আমাকে দিয়ে গেছেন দৃশ্যের পর দৃশ্য। কাল মারা যাওয়ার সময়ও কিছু না দিয়ে যান নাই উনি। এই মুহূর্তে একটা বড় কাজের স্ক্রিপ্ট করছি। আব্বা মারা যাওয়ার সময় এমন একটা কিছু দিয়ে গেছেন, যেটা ওই স্ক্রিপ্টে নতুন এবং গভীর এক বাঁক তৈরি করেছে। আব্বা তো দিয়েই গেলেন চিরকাল!’

ফারুকীর বাবা আবদুর রব ফারুকী
ছবি: সংগৃহীত

গত শুক্রবার বেলা ১১টার দিকে মারা যান ফারুকীর বাবা আবদুর রব ফারুকী। তিনি অনেক দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চার দিন আগে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার নাখালপাড়ার বাসিন্দা ছিলেন।