যুক্তরাষ্ট্রে কাটল শাকিবের জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শাকিব খান
ছবি : শাকিব খানের সৌজন্যে

এবারের জন্মদিনে সাত সমুদ্র তোরো নদীর ওপারে আছেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে তাঁর ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। দেশের কোথাও কোথাও প্রিয় নায়কের জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন ভক্তরা। নায়ক, নায়িকা ও চলচ্চিত্রের মানুষেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিন উপলক্ষে হয়েছে নতুন গান। চলছে তাঁর পরবর্তী ছবির প্রস্তুতি।

শাকিব খান

শুটিং না থাকলে দেশে থাকতে এই দিনে বন্ধুদের সঙ্গে কখনো কেক কাটেন। সময় দেন পরিবারকে। মা আর বোনের হাতে বানানো খাবার খান। দুই দশকের অভিনয়জীবনে মাত্র দুবার পরিবার ছাড়া জন্মদিন পালন করেছেন শাকিব। শুটিংয়ের কারণে একবার ঢাকার বাইরে পাবনায়, আরেকবার দেশের বাইরে। তবে যুক্তরাষ্ট্রের মতো কোনো দূরদেশে নয়। দেশটিতে কেমন কেটেছে শাকিব খানের জন্মদিন—জানতে চাইলে তিনি বললেন, ‘এখানে আমার কয়েকজন বন্ধু আছে। ফুল, কেক ও উপহার নিয়ে তারা এসেছিল। একসঙ্গে আড্ডা দিয়েছি। অবশ্য এই দিনে বাইরে গিয়ে হইচই করতে পছন্দ করি না। এখানেও বাসায় ছিলাম। এদিকে এখানকার সময় ২৮ মার্চ সন্ধ্যায় তো নতুন চলচ্চিত্রের মহরত, তাই সেটারও প্রস্তুতির ব্যাপার ছিল।’

শাকিব খান
ছবি : প্রথম আলো

যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ২৮ মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় শাকিব খান ফিল্মসের নতুন চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই নতুন চলচ্চিত্রের নাম আর নায়িকার ঘোষণা আসবে।

শাকিব খান
ছবি : প্রথম আলো

শাকিব খানের জন্মদিন ঘিরে তৈরি হয়েছে নতুন একটি গান। এসকে ফিল্মস টিমের পক্ষ থেকে তৈরি সেই গানের শিরোনাম ‘শাকিব: দ্য কিং’। কবির বকুলের লেখা ও পুলকের সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন আরিফ, মার্সেল ও পিংকি। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম। জন্মদিনে গানটি তাঁর জন্মদিনে অন্য রকম উপহার বলেও জানালেন শাকিব। ঢালিউড তারকার জন্মদিন উপলক্ষে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সারা দিনই নানাভাবে শুভেচ্ছা জানিয়েছে। শাকিব বললেন, ‘সবার ভালোবাসাই আমার কাজের অনুপ্রেরণা, এগিয়ে যাওয়ার শক্তি। আমিও সবাইকে ভীষণ ভালোবাসি।’