যেভাবে হিন্দি শিখলেন ফেরদৌস
এ কথা অনেকেই জানেন, বলিউডের একটা ছবিতে কাজ করেছিলেন বাংলাদেশের ফেরদৌস। ‘বড় মঞ্চের তারকা’ অনুষ্ঠানে চিত্রনায়িকা পূর্ণিমার অতিথি হয়ে এসে তাঁর সেই বলিউড ভ্রমণের গল্পই বিস্তারিত শোনালেন চিত্রনায়ক।
অনুষ্ঠানে ফেরদৌসকে উদ্দেশ্যে করে পূর্ণিমা বলেন, ‘তুমি একটা হিন্দি সিনেমা করেছিলে। সিনেমাটি আমি দেখেছি। গানগুলোও আমার মুখস্ত। সিনেমার নাম “মিট্টি”। বলিউডে কীভাবে পা রাখলে, সেই গল্পটা যদি আমাদের শোনাও।’ জবাবে ফেরদৌস বলেন, ‘“হঠাৎ বৃষ্টি”র পরে কলকাতায় বেশ কিছু সিনেমায় অভিনয় করি।
এর মধ্যে একটা সিনেমা ছিল “হারজিৎ”। আমি আর রচনা ব্যানার্জী। “হারজিৎ”এর প্রডিউসার ছিল বলিউডের বিখ্যাত সেলিম আহমেদ। বলিউডে উনি অনেক বড় বড় সিনেমা করেছেন। উনি একটা বাংলা সিনেমা করতে চাইলেন। যার পরিচালক ছিল অনুপ। উনি কলকাতার নায়ক বনির বাবা। আমরা “হারজিৎ” যখন করতে যাব, তখন প্রয়োজক আমাকে বলে “তুমি কি হিন্দি জানো?”
বললাম খুব ভালো পারি না। আসলে আমি অভিনয়ও পারি না, নাচতেও পারি না কিন্তু চেষ্টা করব। এরপর যখন মুম্বাইয়ে গেলাম হঠাৎ শুটিংয়ে একজন লোক এল।
আমাকে বলল, “আমার সঙ্গে আপনি হিন্দিতে কথা বলবেন।” আমি অবাক, এর মানে কী? তখন সে বলল, “আমাকে সেলিম সাহেব পাঠিয়েছেন। আপনার হিন্দি ভাষা ঠিকঠাক করে দেওয়ার জন্য।”
সে ছিল আমার হিন্দি শিক্ষক। প্রতিদিন তাঁর সঙ্গে আমি হিন্দিতে গল্প করতাম। তারপর চার–পাঁচ দিন পরে সেলিম এসে আমাকে বললেন, হিন্দি কেমন শিখলে? কিন্তু ঘটনাটি কী হচ্ছে বুঝতে পারছিলাম না। সেলিম আমাকে বলল, আমি একটা হিন্দি সিনেমা বানাব, যার নাম মিট্টি। সিনেমার নায়িকা রানী মুখার্জি।’
দেশের সীমানা পেরিয়ে ভিনদেশে নিজেদের দ্যুতি ছড়িয়েছেন বা ছড়াচ্ছেন বাংলাদেশের যেসব তারকা, তাঁদের নিয়েই প্রথম আলোর আয়োজন ‘বড় মঞ্চের তারকা’। হাতিল নিবেদিত এ অনুষ্ঠান প্রথম আলোর অনলাইন, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দিলারা হানিফ পূর্ণিমা।