সাফল্যের শীর্ষে বসেও অতীতকে ভোলেননি রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
সংগৃহীত

মনে হবে, এই তো সেদিন। দল বেঁধে ভক্তরা তাঁকে নিয়ে গেলেন বনানী, চিরনিদ্রায় শুইয়ে এলেন। এরই মধ্যে চার বছর পার হয়ে গেছে। রাজ্জাককে ভোলেননি তাঁর ভক্তরা। আর যাঁরা তাঁর সান্নিধ্য পেয়েছেন, রাজ্জাককে ভুলে যাওয়া তাঁদের জন্যও সহজ না।

১৯৬৬ সালে জহির রায়হান পরিচালিত বেহুলা ছবির নায়ক হয়ে রাজ্জাক পেয়েছিলেন ৫ হাজার টাকা। কয়েক বছর আগে মাত্র কলকাতা থেকে ঢাকায় এসেছেন। বেকার ঘুরছিলেন নানা কাজের আশায়। পরে পর্দায় মাঝেমধ্যে যে দুঃখী জীবন তাঁকে যাপন করতে দেখা যাবে, স্ত্রী–সন্তান নিয়ে বাস্তবেই তাঁকে তখন সেই জীবন পার করতে হচ্ছিল। এর কাছে যাচ্ছেন, তার কাছে হাত পাতছেন। সেই পাঁচ হাজার টাকা তাঁকে শক্তি দিল। বোম্বে (এখনকার মুম্বাই) না গিয়ে ঢাকায়ই রয়ে গেলেন। হয়ে গেলেন আমাদের নায়ক।

আমৃত্যু নিজের অতীতকে মনে রেখেছেন রাজ্জাক। তাতে তাঁর সামনে এগিয়ে যেতে এতটুকু অসুবিধা হয়নি। ভালোবেসে লোকে তাঁকে ‘নায়করাজ’ বলে ডেকেছেন। নায়কদের এই রাজা ছিলেন ভীষণ বিনয়ী আর কৃতজ্ঞতায় বিনয়ী এক মানুষ। রাজ্জাকের জীবনের কিছু ঘটনায় চোখ রাখলেই সেটা বোঝা যায়।

অনন্ত প্রেম ছবিটির কথাও মানুষ অনেক দিন মনে রাখবে।
সংগৃহীত

প্রথম বাংলা ছবি মুখ ও মুখোশ-এর পরিচালক আব্দুল জব্বার খানের কাচ কাটা হীরে ও বাঁশরি ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক। কলকাতায় যখন নাটক করতেন রাজ্জাক, তখনই আব্দুল জব্বার খানের সঙ্গে তাঁর পরিচয়। সেবার তাঁদের কথা হয়েছিল মাত্র ১০ মিনিট। সাম্প্রদায়িক দাঙ্গার পর কলকাতা থেকে ঢাকায় এসে কমলাপুর নেমেই চলে যান জব্বার খানের কাছে।

২০১৬ সালের এপ্রিল মাসে ছিল আব্দুল জব্বার খানের জন্মশতবর্ষ উৎসব। সেদিন এই পরিচালকের স্মরণে রাজ্জাক বলেন, ‘আমার দাঁড়ানোর জায়গা ছিল না। তিনি আমাকে স্নেহ দিলেন, কাজের সুযোগ দিলেন। আমি নায়ক হওয়ার পর তিনি খুবই খুশি হয়েছিলেন। শুরুতে আমাকে সহকারী পরিচালকের কাজ দিয়েছিলেন। আমি ছিলাম উজালা ছবির চার নম্বর সহকারী পরিচালক। পরে তাঁর ছবিতে কাজ করেছি। আমি যেন তাঁর ছবির নায়ক না, তাঁর সন্তান ছিলাম। তাঁর সান্নিধ্য পেয়ে আমি ধন্য। তাঁর ছেলেমেয়ে ও পরিবারের সবার সঙ্গে আমার বড় ভাইয়ের সম্পর্ক।’

রাজ্জাক অভিনয় ছাড়া পরিচালনাও করেছেন। তাঁর প্রথম পরিচালিত ছবি অনন্ত প্রেম।
সংগৃহীত

রাজ্জাকের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বন্ধু নায়ক আলমগীর। নায়করাজের সঙ্গে দেখা–সাক্ষাতের কথা স্মরণ করে বলছিলেন, ‘তাঁর বাসা থেকে ফিরে আসার সময়, সব সময় তিনি সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতেন।’

সুচন্দার সঙ্গে রাজ্জাক
সংগৃহীত

রাজ্জাকের সঙ্গে ৫৩ বছরের পরিচয় মজনু ফিল্মসের স্বত্বাধিকারী মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘রাজ্জাকের জন্যই আমি সিনেমায় এসেছি। সময়-অসময়ে তাঁর বাড়িতে যাতায়াত করেছি। কত যে অত্যাচার করেছি ওই বাড়িতে গিয়ে, বলার নয়।’ সেই ‘অত্যাচার’ সহ্য করেই নায়ক আজ সবার হৃদয়ের রাজা হয়ে আছেন যেন।

আজ নায়ক রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। একজন বড় অভিনয়শিল্পীর পর্দার কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের সারল্য, বিনয় ও কৃতজ্ঞচিত্ত সমানভাবে স্মরণ করা যেতে পারে।