রাজ্জাকের নায়িকারা, নায়িকাদের রাজ্জাক

রাজ্জাকের নায়িকারাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাককে মনে পড়ে? তিন বছর আগে আজকের এই দিনে তিনি চলে যান তাঁর প্রিয় ঢাকা, প্রিয় ঢালিউড ছেড়ে পরপারে। তাঁর স্মৃতি অবশ্য ভোলেনি ঢালিউড। যদিও ঘটা করে তাঁকে স্মরণ করা হয়নি। কিন্তু ফোনে তাঁর নায়িকারা ঠিকই স্মরণ করেছেন প্রিয় সহকর্মী, প্রিয় নায়ক রাজ্জাককে।
রাজ্জাক–সুচন্দা
সংগৃহীত
তিনি ছিলেন খুবই সহজাত। যখন অভিনয় করতেন, চোখে মুখে ঠোঁটে চরিত্রের অভিব্যক্তি ফুটিয়ে তুলতেন অনায়াসে। তাঁর ক্যামেরা ফেস ছিল অসাধারণ। যে চরিত্রে অভিনয় করতেন, সব কটিতে তাঁকে ভালো লাগত।
সুচন্দা

আমাদের সুন্দর একটা সম্পর্ক ছিল: সুচন্দা

রাজ্জাক ভাইকে নিয়ে কত কী যে বলার আছে, তা কয়েক ঘণ্টায় বলে শেষ করা যাবে না। তিনি হয়ে উঠেছিলেন মহানায়ক। নিষ্ঠা আর শ্রম দিয়ে তিলে তিলে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তিনি চলচ্চিত্রের কিংবদন্তিতুল্য, তিনি আমাদের অভিভাবক। অভিনয়ের ক্ষেত্রে তাঁর মধ্যে একটি বিষয় লক্ষ করতাম, তিনি ছিলেন খুবই সহজাত। যখন অভিনয় করতেন, চোখে মুখে ঠোঁটে চরিত্রের অভিব্যক্তি ফুটিয়ে তুলতেন অনায়াসে। তাঁর ক্যামেরা ফেস ছিল অসাধারণ। যে চরিত্রে অভিনয় করতেন, সব কটিতে তাঁকে ভালো লাগত।

আমার জীবনের দ্বিতীয় ছবি বেহুলা ছিল তাঁর সঙ্গে করা আমার প্রথম ছবি। পরিচালক জহির রায়হান সাহেবই তাঁকে নায়ক হিসেবে নির্বাচন করেছিলেন। ছবিটা যাতে ভালো হয়, কত-না ঘুমিয়ে, না খেয়ে, সকাল-বিকেল আমরা শুটিং করেছি। তিনি আমার বন্ধু ছিলেন না বটে, কিন্তু আমি জহিরের স্ত্রী হওয়ায় আমাকে অনেক সম্মান করতেন। পরিচালকের স্ত্রী ও সহকর্মী হওয়ায় আমাদের সুন্দর একটা সম্পর্ক ছিল।

রাজ্জাক–কবরী
সংগৃহীত
আমাদের খুনসুটি হতো। মান-অভিমানেরও শেষ ছিল না। কোনো ছবির শুটিংয়ে আবার মান-অভিমানের দৃশ্যগুলোতে অভিনয়ের ক্ষেত্রে মনে হতো না যে অভিনয় করছি।
কবরী

বন্ধুত্বের কথা রাজ্জাক সাহেবের স্ত্রীও জানতেন: কবরী

গল্প, আড্ডায় রাজ্জাক ও কবরীর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনের এই বন্ধুত্বকে অনেকে বাঁকা চোখেও দেখত। তবে চলচ্চিত্রের লোকেরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশ উপভোগ করত। তাঁরা নিশ্চিত ছিলেন, রাজ্জাক ও কবরীর মধ্যে অদৃশ্য কোনো সম্পর্ক নেই। তাঁরা শুধুই বন্ধু। প্রয়াণ দিবসে প্রিয় সহকর্মীকে স্মরণ করে কবরী বলেন, ‘বাস্তবতার নিরিখে আমাদের জুটি তৈরি হয়েছে।

আমাদের খুনসুটি হতো। মান-অভিমানেরও শেষ ছিল না। কোনো ছবির শুটিংয়ে আবার মান-অভিমানের দৃশ্যগুলোতে অভিনয়ের ক্ষেত্রে মনে হতো না যে অভিনয় করছি। মনে হতো, বাস্তবতার নিরিখে আমরা মান-অভিমানের ব্যাপারগুলো তুলে ধরছি। বন্ধুত্বের কারণেই এটা সম্ভব হয়েছে। একটা সময় তো তাঁর পরিবারের সঙ্গেও আমার দারুণ একটা বন্ধুত্ব গড়ে ওঠে।

আমাদের সুন্দর বন্ধুত্বের সম্পর্কের কথা রাজ্জাক সাহেবের স্ত্রী লক্ষ্মীও ভালো জানতেন। তিনি কিছুই মনে করতেন না। তাঁর সন্তানেরাও আমাদের বাসায় যাওয়া-আসা করত। আজ রাজ্জাক কাছে নেই। কিন্তু মনের ভেতরে একটু জায়গা দখল করে আছে।

রাজ্জাক–শাবানা
সংগৃহীত
রাজ্জাক ভাই আমাকে সাহস দিয়েছিলেন। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন তৈরির পেছনে রাজ্জাক ভাইয়ের অনেক অবদান ছিল।
শাবানা

রাজ্জাক ভাই আমাকে সাহস দিয়েছিলেন: শাবানা

মনে হচ্ছে এই তো সেদিনের কথা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসায় বসে রাজ্জাক ভাইয়ের মৃত্যুসংবাদ পাই। দেখতে দেখতে তিন বছর পার হয়ে গেল! কত কী যে মনে পড়ছে। শিল্পী হিসেবে তিনি কত বড় মাপের, তা বলার অপেক্ষা রাখে না। একবার ছবি বানানোর পরিকল্পনা করি। কিন্তু ভেবে কূল পাচ্ছিলাম না কী করব।

রাজ্জাক ভাই আমাকে সাহস দিয়েছিলেন। তিনি ছিলেন ভীষণ সহযোগিতাপূর্ণ মানসিকতার একজন মানুষ। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন তৈরির পেছনে রাজ্জাক ভাইয়ের অনেক অবদান ছিল। তিনি আমাদের যেভাবে সহযোগিতা করেছেন, তা তো বলার অপেক্ষা রাখে না।

রাজ্জাক–ববিতা
সংগৃহীত
আমি যেমন তাঁকে ভাবতাম পরিবারের একজন, তিনিও আমাদের পরিবারের একজন মনে করতেন। আমার জীবনের অনেক সুখ-দুঃখে রাজ্জাক ভাই ছায়ার মতো ছিলেন।
ববিতা

রাজ্জাক ভাই আমাকে পপ নামে ডাকতেন: ববিতা

আমার ডাকনাম পপি। কিন্তু রাজ্জাক ভাই আমাকে পপ নামে ডাকতেন। জহির রায়হান ভাই তাঁকে চলচ্চিত্রে নিয়ে আসেন, আমাকেও। সেই হিসেবে আমাদের দুজনের শুরুটা একই পরিচালকের হাত ধরে। রাজ্জাক ভাইকে আমি কখনোই তথাকথিত নায়ক বা হিরো ভাবতাম না। তিনিও আমাদের সঙ্গে তেমন ভাব দেখাতেন না।

আমি যেমন তাঁকে ভাবতাম পরিবারের একজন, তিনিও আমাদের পরিবারের একজন মনে করতেন। আমার জীবনের অনেক সুখ-দুঃখে রাজ্জাক ভাই ছায়ার মতো ছিলেন। এমনকি অভিনয়জীবনেও তিনি আমার পাশে ছিলেন। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের বেশির ভাগ সিনেমায় আমাকে অভিনয়ের সুযোগ দিয়েছেন। আজ আরও অনেক কিছু মনে পড়ছে।

কেন যেন আমার মনের মধ্যে ভয় কাজ করছিল। যেই না রাজ্জাক ভাই আমার সামনে এলেন, তিনি ভয় কাটানোর টেকনিক শিখিয়ে দিলেন।
চম্পা

যেকোনো সংকটে তিনি সবার অগ্রভাগে ছিলেন: চম্পা

আমার অভিনয়জীবনে রাজ্জাক ভাইয়ের সঙ্গে একটি ছবিই হয়েছে। বঙ্কিমের বিষবৃক্ষ নামের সেই ছবি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। একই ছবিতে ববিতা আপাও ছিলেন। দুজনের সঙ্গে আমি কাজ করেছিলাম। কিন্তু কেন যেন আমার মনের মধ্যে ভয় কাজ করছিল। যেই না রাজ্জাক ভাই আমার সামনে এলেন, তিনি ভয় কাটানোর টেকনিক শিখিয়ে দিলেন। সেই থেকে তাঁর পরামর্শ আমি মনের মধ্যে যত্ন করে রেখে পথ চলেছি। তিনি আমাকে সেদিন এ–ও বলেছিলেন, একজন শিল্পীর ধৈর্য এবং সিনসিয়ারিটি সবচেয়ে বেশি দরকার।

চলচ্চিত্রের যেকোনো সংকটে তিনি সবার অগ্রভাগে ছিলেন। আজ চলচ্চিত্রের যে সংকট, এখানে তাঁর মতো মানুষের খুব দরকার ছিল। তবে একটা কথা আজও বিশ্বাস হয় না, রাজ্জাক ভাই আমাদের মাঝে নেই। তিনি শারীরিকভাবে নেই, কিন্তু আছেন আমাদের অন্তরে। তিনি থাকবেন।