রাষ্ট্রীয় স্বীকৃতির আনন্দ বেশি: শাকিব খান

আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। অভিনন্দন আপনাকে।
ধন্যবাদ। এর আগে আরও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। যে দুটি সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলাম সে ছবি দুটি হচ্ছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ও খোদার পরে মা। আরোও ভালোবাসব তোমায় সিনেমার পুরস্কারটি আমার তৃতীয় অর্জন। যেকোনো পুরস্কারই সম্মানের। তবে রাষ্ট্রীয় অর্জনের ব্যাপারটাই অন্য রকম। গত কিছুদিন থেকে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তার মাঝে এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারলাম। মনে হলো গত কয়েক দিনে যা ঘটেছে, সব কিছু তুচ্ছ। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। এখন আমাকে আরও অনেক কাজ করতে হবে।
এবারের পুরস্কারের কথা কখন এবং কীভাবে জানতে পেরেছেন?
যেদিন ঘোষিত হয় সেদিন রাতে পরিচিত একজনের ফোন পেয়ে খবরটি পাই। পরে অবশ্য বিভিন্ন সংবাদমাধ্যমের অনলাইন ভার্সন ও টেলিভিশন চ্যানেলের স্ক্রল দেখি। অনেক খুশি হয়েছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।
আপনার ওপর দিয়ে কয়েক মাস ধরে বেশ ঝড় বয়ে যাচ্ছে। পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে কি সে কষ্ট দূর করতে পারবেন?
ভক্তদের ভালোবাসা ও দোয়ায় আমি এখনো কাজ করে যাচ্ছি। আমার জীবনে এত ঝড়ঝাপটার পরও তাঁরাই আমার সঙ্গে ছিলেন এবং আছেন। তাঁদের কারণেই আমি এখনো বহাল তবিয়তে আছি। ভক্তদের এসব চিত্র কিন্তু আমি দেশে ও দেশের বাইরে যেখানেই থাকি না কেন, সব সময় দেখি। তাঁরা আমাকে নিয়ে নানা মন্তব্য করছেন। আমার জন্য আন্দোলন করছেন, অথচ তাঁদের কাউকেই চিনিও না, জানিও না। শুধু সিনেমা দেখেই তাঁরা আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকেই শিক্ষার্থী ও টগবগে তরুণ। ওই বয়সেরই, একদমই তরুণ। তাঁরাই সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তাঁরাই আমাকে নিয়ে ষড়যন্ত্র হলে চিৎকার করে যাচ্ছেন। আমার এই পুরস্কার আসলে তাঁদেরই প্রাপ্য। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ভক্তদের উৎসর্গ করেছি।
আবারও কাজে মনোযোগী হয়েছেন। এটা আপনার ভক্তদের জন্য আনন্দের সংবাদ।
আমাদের সিনেমার মুকুটহীন সম্রাট নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে কয়েক বছর আগে পিতার আসন সিনেমার শুটিং করছিলাম। তখন কিছু কারণে আমার মনটা খুব বিক্ষিপ্ত ছিল। শুটিংয়ের ফাঁকে তিনি আমাকে কিছু কথা বললেন। কথাগুলো কখনোই ভুলব না। এর মধ্যে একটা কথা বলছি। তিনি বলেছিলেন, ‘যত দিন তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, পত্রিকাগুলো নানা কথা লিখবে; বুঝবে তুমি এখনো ফিল্ডে ভালোভাবেই আছ। আর যখন এসব হবে না, তোমাকে নিয়ে কেউ মাথা ঘামাবে না—বুঝবে তুমি আর নাই, তুমি শেষ।
ঈদের সিনেমা ‘নবাব’-এর ট্রেলার ও গান ইউটিউবে অবমুক্ত হয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
দারুণ। ফেসবুক ও ইউটিউবে চমৎকার সব মন্তব্য পড়ছি। ট্রেলারের পাশাপাশি গান সবাইকে আকৃষ্ট করেছে। সবাই বলছে, আবারও নতুন এক শাকিবের সঙ্গে তাঁদের পরিচয় হলো। ভক্ত ও দর্শকের এই ভালো লাগা কাজের একমাত্র অনুপ্রেরণা।
‘রংবাজ’-এর কাজ করছিলেন, কতদূর এগোল?
শুটিং তো অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু জটিলতার কারণে মাঝে বেশ কিছুদিন রংবাজ সিনেমার কাজ থেমে যায়। সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে টানা কাজ করছি। গান বাদে বাকি শুটিং প্রায় শেষ। এ মাসের প্রথম সপ্তাহে গানের শুটিংয়ে দেশের বাইরে যাব।