‘রিভেঞ্জ’ শেষে ‘বিট্রে’
গত বছরের মে মাসে গুলশানের একটি রেস্তরাঁয় মহরতের মধ্য দিয়ে শুরু হয় ‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের কার্যক্রম। গতকাল রোববার দিবাগত রাতে এফডিসিতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় এ চলচ্চিত্রের শুটিং। এই চলচ্চিত্রে বুবলী ও জিয়াউল রোশান জুটি বাঁধেন। শুটিংয়ের শেষ দিনে এসে পরিচালক মোহাম্মদ ইকবাল জানালেন, এ জুটিকে নিয়ে নতুন আরেকটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। রোশানের সঙ্গে চুক্তিপত্রে সই হয়ে গেলেও বুবলী মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। ‘বিট্রে’ নামের এ চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি।
‘বিট্রে’ নামের এই চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য আবদুল্লাহ জহির বাবুর। ২ ফেব্রুয়ারি এই চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত জানাতে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানালেন পরিচালক।
প্রথম আলোকে বুবলী বলেন, ‘গতকালই শুনতে পেরেছি এই চলচ্চিত্রের পরিকল্পনা। এ চলচ্চিত্রের প্রযোজক নাকি সম্পাদনা করার সময় আমাদের কিছু ফুটেজ দেখেছেন। ফুটেজ দেখার পর তাঁরা মুগ্ধ হয়েছেন। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, আরেকটি চলচ্চিত্র নির্মাণের। আমাকে গতকাল নতুন চলচ্চিত্রের পরিকল্পনা জানানো হলে মৌখিকভাবে সম্মতি দিয়েছি। তবে গল্পটি নিয়ে আরও কয়েকবার বসতে হবে, এমনটাও জানিয়েছি পরিচালককে। এরপরই চুক্তিপত্রে স্বাক্ষর করব।’
এদিকে বুবলী মৌখিকভাবে সম্মতি দিলেও চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন জিয়াউল রোশান। তিনিও বললেন, ‘এডিটিং প্যানেলে ‘রিভেঞ্জ’ ছবিতে আমাদের দুজনের কাজ দেখে প্রযোজক ও পরিচালক খুশি হয়েছেন। আমার ধারণা, এ কারণে পরপর তাঁরা বুবলী ও আমাকে নিয়ে ‘বিট্রে’ ছবিটিও বানাতে চাইছেন। মুক্তির আগে শুটিংয়ের ফুটেজ দেখে প্রযোজক–পরিচালকের আরেকটি চলচ্চিত্র বানানোর সিদ্ধান্তটা সত্যিই অনুপ্রেরণার।’
‘রিভেঞ্জ’ চলচ্চিত্রের মতো নতুন ছবির গল্পও অ্যাকশন ঘরানার। ‘বিট্রে’ ছবিতে বুবলী ও রোশান জুটির কাজের বিষয়টি নিশ্চিত করে পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, ‘২ ফেব্রুয়ারি মিট দ্য প্রেস অনুষ্ঠিত হবে। পরদিন গানের শুটিংয়ের মাধ্যমে ছবিটির কাজ শুরু হবে। বর্তমানে এফডিসিতে গানের জন্য সেট তৈরির কাজ চলছে।’ পরিচালক আরও জানান ‘বিট্রে’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ডিপজল।