কানে প্রথম শোতেই ‘রেহানা মরিয়ম নূর’ দেখলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার অনুরাগ কশ্যপ। পরে মঙ্গলবার সন্ধ্যায় ছবিটির প্রযোজক জেরেমি চুয়া ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে আড্ডায় কশ্যপ বলেন, ‘এটা আমাদের অঞ্চল থেকে আসা অন্যতম শক্তিশালী একটা সিনেমা। এটা দেখাটা দারুণ এক অভিজ্ঞতা। রীতিমতো অসাধারণ এক কাজ। অভিনয়, শব্দ পরিকল্পনা, লেখা—সবই দারুণ। বাংলাদেশকে আমার অভিনন্দন।’
‘রেহানা মরিয়ম নূর’ টিমের সঙ্গে অনুরাগ কশ্যপের আড্ডার কিছু অংশ ভিডিও আকারে ফেসবুকে পোস্ট করেছেন আজমেরী হক বাঁধন। ২০-২৫ মিনিটের সেই আড্ডায় আরও ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ প্রযোজক জেরেমি চুয়া ও নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।
কান থেকে আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বাঁধন জানালেন, ‘জেরেমি চুয়া ও অনুরাগ কশ্যপ আগে থেকেই পরিচিত। ছবিটি দেখার পর একসঙ্গে আড্ডা দিতে চেয়েছিলেন। অল্প সময়ের জন্য হলেও সন্ধ্যাটা আমরা গল্পগুজবে কাটালাম। আমাদের সঙ্গে ছিলেন ভ্যারাইটি পত্রিকার একজন সাংবাদিকসহ আরও কয়েকজন। সবাই আমাকে রেহানা বলেই ডাকছিলেন। পরিচালক সাদেরও প্রশংসা করছিলেন। এই ভালো লাগার অনুভূতি ব্যাখ্যাতীত। অনুরাগ আমাদের সবাইকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন, আমার অসাধারণ অভিনয়ের মাধ্যমে নাকি বাংলাদেশ অফিশিয়ালি কান উৎসবে জায়গা করে নিল। শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করায় গতকালের আড্ডায় সাদ ছিল না। তবে সশরীর না থাকলেও আমাদের আলোচনাজুড়েই ছিল সাদ। অনুরাগ সাদের যে পরিমাণ প্রশংসা করেছে, সত্যি সেটা ভীষণ আনন্দের। অনুরাগ শেষে বলেছেন, এই ছবি তাঁর কাছে রীতিমতো অসাধারণ ছবি বলে মনে হয়েছে। ছবির শেষ দৃশ্যটি নিয়ে অসম্ভব মুগ্ধতা প্রকাশ করেছেন।’
‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে কান উৎসবে অংশ নেওয়ার পর থেকেই প্রতিমুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন বাঁধন। তিনি বলেন, ‘কান উৎসবে প্রথম দিনের শো শুরুর আগপর্যন্ত অনেক চাপ বোধ করেছি। কিন্তু প্রথম শোর পর সবাই যেভাবে প্রশংসা শুরু করে, তাতে হালকা হয়েছি। এখন তো যেখানেই যাই, রেহানা বলে সবাই ডাকে। দেখা করতে এগিয়ে আসে। ছবি তোলে। কে কোন শহরের মানুষ, কোন দেশের, নাম-পরিচয় কী; কিছুই জানি না। এটা যে কী পরিমাণের ভালো লাগার অনুভূতি, বলে বোঝাতে পারব না।’
‘রেহানা মরিয়ম নূর’ ছবির চিত্রনাট্য, সম্পাদনা ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির এই ছবির নামভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। অন্য চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াসির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।