রোশানের জায়গায় আদর
সিডিউল জটিলতার কারণে ‘নাকফুল’ সিনেমা থেকে সরে গেছেন জিয়াউল রোশান। সপ্তাহখানেক আগে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে খবরটি। এবার রোশানের জায়গায় যুক্ত হলেন নবাগত নায়ক একে আজাদ আদর। গত রোববার ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির রাজু চরিত্রে অভিনয় করবেন আদর।
চুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবির পরিচালক আলোক হাসান জানান, রোববার রাতে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন আদর। তিনি বলেন, ‘সিডিউল জটিলতার কারণে আমাদের সঙ্গে আলাপ–আলোচনা করেই ছবিটি থেকে সরে গেছেন রোশান। এরপর আমরা ওই চরিত্রটির জন্য দু-তিনজনের সঙ্গে কথা বলেছিলাম। তাঁদের মধ্যে আদরই চরিত্রটির জন্য উপযুক্ত মনে হয়েছে। আশা করছি চরিত্রটিতে তাঁকে ভালো মানাবে।’
কেন মনে হলো মানাবে? জানতে চাইলে পরিচালক বলেন, ‘এখনো আদরের কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু সম্প্রতি তাঁর শেষ হওয়া “তালাশ” নামে একটি সিনেমার বেশ কটি ফুটেজ প্যানেলে বসে আমি দেখেছি। তাঁর অভিনয় দেখে আমার বিশ্বাস তৈরি হয়েছে তাঁর প্রতি।’
তিনি বলেন, ‘বাধ্য হয়ে কিন্তু আদরকে ছবিতে নেওয়া হয়নি। একটা হিসাব–নিকাশ করেই তাঁকে নেওয়া হয়েছে। কারণ, চরিত্রটির জন্য লুক বা গ্ল্যামার বিষয় নয়, অভিনয়টা জরুরি। আমার প্রত্যাশা সেটা পারবেন আদর।’
চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আদরও। বলেন, ‘একেবারেই সহজ–সরল প্রেমের গল্পের ছবি এটি। কিন্তু গল্প শুনতে বসে অসাধারণ মনে হয়েছে। আর আমার চরিত্রটিতে অসাধারণ কাজের সুযোগও আছে।’
রাজু চরিত্রটি রোশানের করার কথা ছিল। জানেন কি? এ ব্যাপারে আদর বলেন, ‘আমি সেটা জানি। খবরেও দেখছি। এটি কোনো বিষয় না। কারণ, সিডিউল সমস্যায় আমার ক্ষেত্রেও এটি হতে পারত। তা ছাড়া আমরা তো একই ইন্ডাস্ট্রির মানুষ। একজন না করতে পারলে আরেকজন করবেন, এটাই তো স্বাভাবিক।’
পরিচালক জানান, আগামী ৪ এপ্রিল থেকে সিলেটের লোকেশনে ‘নাকফুল’–এর শুটিং শুরু হবে। টানা ২০ দিন শুটিং হবে সেখানে। ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেতে পারে।
ছবিতে আরও অভিনয় করবেন পূজা চেরি, আলীরাজ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।