রোহিঙ্গা ক্যাম্পে নায়কের চার ঘণ্টা

উখিয়ার কুতুপালংয়ের একটি রোহিঙ্গা ক্যাম্পে চার ঘণ্টা সময় কাটালেন চিত্রনায়ক ফেরদৌস। গতকাল শুক্রবার সকাল সাতটায় তিনি ক্যাম্পে যান। বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বেলা ১১টায় ফিরে আসেন। এ সময় রোহিঙ্গা শিশুদের দুঃখকষ্টের গল্প শুনে রীতিমতো হতভম্ব হয়ে যান তিনি। জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা আর কখনোই হয়নি বলেও জানান। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ শনিবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে সময় কাটানোর কথা জানান।
গত সপ্তাহে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিতে কক্সবাজার যান ফেরদৌস। যাওয়ার আগে থেকেই রোহিঙ্গাদের নিয়ে সংবাদমাধ্যমে অনেক কিছুই শুনেছেন। নারী-পুরুষ ও শিশুদের কষ্টের কথা যতটা ঢাকায় বসে শুনেছেন, যাওয়ার পর যে ভয়াবহতা দেখেছেন, তা ছিল ভাবনার অতীত।

ফেরদৌস বলেন, ‘কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইউনিসেফের একটি অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও শিশুবিষয়ক সে অনুষ্ঠানে আয়োজক কর্তৃপক্ষ আমাকে শুভেচ্ছা দূত হওয়ার প্রস্তাব করে। এরই মধ্য কক্সবাজারে শুটিংয়ের সময় ইউনিসেফ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় রোহিঙ্গা ক্যম্পে শিশুদের সঙ্গে সময় কাটাতে যাওয়ার জন্য। প্রস্তাবটি পেয়ে আমি রাজি হই। সেখানে গিয়ে বাচ্চাদের যে কষ্ট আর দুঃখের গল্প শুনলাম, তাতে আঁতকে উঠেছি। মিয়ানমার থেকে আসা মা-বাবা হারানো এসব শিশুর কাছে জানতে চেয়েছিলাম, তারা ফিরে যেতে চায় কি না। আমাকে জানিয়েছে, তারা এখানেই থেকে যেতে চায়।’
ফেরদৌস আরও বলেন, ‘আমি যে ক্যাম্পে গিয়েছিলাম, সেখানে প্রায় লক্ষাধিক লোকজন ছিল। একসঙ্গে একটা জায়গায় এত মানুষ আমি দেখিনি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বাংলাদেশের অনেক মানুষ ও প্রতিষ্ঠানের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ব্যাপারটি। সবাই দারুণ মমতা দিয়ে এসব মা-বাবা ও ঘরবাড়ি হারানো মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।’
ঢাকায় এসে ফেরদৌস ‘পবিত্র ভালোবাসা’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এ কে সোহেল পরিচালিত এই সিনেমায় তাঁর বিপরীতে আছেন চিত্রনায়িকা মৌসুমী।