লাইফ সাপোর্টে চাষী নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষী নজরুল ইসলাম
চাষী নজরুল ইসলাম

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে তিনি বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন আছেন। গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাধারণ কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল।

আজ শনিবার সকাল ১০টার দিকে চাষী নজরুল ইসলামের রক্তচাপ মারাত্মকভাবে কমে যায় বলে প্রথম আলোকে জানিয়েছেন ল্যাব এইড হাসপাতালের অনকোলজি বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আকরাম হোসেন। এরপর থেকে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা চালিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘চাষী নজরুল ইসলামের অবস্থা এখন সংকটাপন্ন। রক্তচাপ কৃত্রিম উপায়ে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।’

গত বছরের মে মাস থেকেই চাষী নজরুল ইসলাম চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বেশ কয়েক মাস ধরেই চাষী নজরুল ইসলাম নানা ধরনের রোগে ভুগছেন। বেশ কয়েকবারই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নতি দেখা দিলে তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যেতেন।