লোভ সামলাতে পারেননি বাপ্পারাজ!

‘পোড়ামন ২’ সিনেমায় যে চরিত্রে অভিনয়ের জন্য চিত্রনায়ক বাপ্পারাজকে প্রস্তাব দেওয়া হলো, তা এতটাই পছন্দ হলো যে তিনি আর লোভ সামলাতে পারলেন না। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। প্রথম আলোকে আজ শুক্রবার দুপুরে এভাবেই জানালেন তিনি। ছবির পরিচালক রায়হান রাফি। এরই মধ্যে মেহেরপুরে এই সিনেমার শুটিং শুরু হয়েছে।
‘পোড়ামন ২’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে বুধবার বাপ্পারাজ চুক্তিবদ্ধ হন। জানালেন, ‘পোড়ামন ২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ৯ অক্টোবর থেকে মেহেরপুর থাকতে হবে তাঁকে। ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন।
বাপ্পারাজ বলেন, ‘আমাকে যখন গল্পটি শোনানো হয়, তখন চরিত্রটির প্রেমে পড়ে যাই। যে ধরনের চরিত্রের কথা আমাকে বলা হয়েছে, তা নিয়ে পর্দায় হাজির হওয়ার লোভ আমার বহুদিনের। তাই আর কিছু ভাবিনি।’
কী সেই চরিত্র? ‘অনেক দিনের ইচ্ছা ছিল, একজন অস্বাভাবিক ব্যক্তির চরিত্রে অভিনয় করব। কিন্তু কেউ আমাকে তেমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেননি। আমি মন দিয়ে কাজটা করতে চাই।’ বললেন বাপ্পারাজ।
‘পোড়ামন’ সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। ওই সিনেমায় অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, সাইমন আর মাহি। পরিচালনা করেন জাকির হোসেন রাজু। এবার ওই সিনেমার সিক্যুয়েল তৈরি হচ্ছে। তবে প্রথমটির কোনো অভিনয়শিল্পী থাকছেন না এবার।
এদিকে ‘পোড়ামন ২’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ আজ মেহেরপুর থেকে প্রথম আলোকে বলেন, ‘সিনেমাটির যে চরিত্র, এর জন্য বাপ্পারাজের মতো একজন নায়কের দরকার ছিল। তাঁর মতো মেধাবী একজন নায়ককে আমরা পাচ্ছি, আমরা সম্মানিত বোধ করছি।’
‘পোড়ামন ২’ সিনেমায় বাপ্পারাজ ছাড়া গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে অভিনয় করছেন সিয়াম ও পূজা চেরি।