শঙ্কামুক্ত নন চাষী নজরুল ইসলাম

বেশ কয়েক মাস ধরেই অসুস্থ নির্মাতা চাষী নজরুল ইসলাম। দিন দশেক আগে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎ করেই বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর। দ্রুত তাঁকে কেবিন থেকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) নেওয়া হয় বলে জানান চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেন।
গত বছরের মে মাস থেকেই চাষী নজরুল ইসলাম চিকিৎসক সৈয়দ মো. আকরাম হোসেনের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি বলেন, ‘চাষী নজরুল ইসলাম নানা ধরনের রোগে ভুগছেন। কয়েকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নতি দেখা দিলে তিনি বাসায় চলে যেতেন। কিছুদিন আগে তিনি আবারও হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। দ্রুত তাঁকে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুরুতে যে অবস্থা ছিল আজ (বৃহস্পতিবার) বিকেলে এর কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি পুরোপুরি শঙ্কামুক্ত নন।’
চাষী নজরুল ইসলামের ছোট মেয়ে আন্নী ইসলাম বলেন, ‘বাবার শরীরে ক্যানসার ধরা পড়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।’ তিনি বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।