শঙ্কার মধ্যেই শুরু হলো সিনেমার শুটিং
বছরের শুরুর দিকে চলচ্চিত্রাঙ্গন হঠাৎ জেগে ওঠে। একের পর এক নতুন নতুন সিনেমার শুটিং শুরু হয়। কিন্তু মার্চ মাসের শেষে করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়তে শুরু করে সংক্রমণ ও মৃত্যু। বিনোদনের সব মাধ্যমে এর প্রভাব পড়ে। বন্ধ হয়ে যায় অনেকগুলো সিনেমার শুটিং। এমনকি নতুন ছবির শুটিংও পিছিয়ে যায়। এপ্রিলের শেষে সংক্রমণ কিছুটা কমে আসে। এ সময় বন্ধ হয়ে যাওয়া ছবি ও নতুন ছবির শুটিংয়ের প্রস্তুতি শুরু করেন পরিচালকেরা। সংক্রমণ, ছবির বিপণনে অনিশ্চয়তাসহ নানা শঙ্কা নিয়ে সিনেমার শুটিং শুরু হয়েছে।
১৭ মে থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুরু হয়েছে নতুন ছবি প্রেম প্রীতি বন্ধন–এর শুটিং, পরিচালনা করছেন সোলায়মান লেবু। ৩০ মে পর্যন্ত চলবে এর শুটিং। করোনার প্রকোপ কিছুটা কমে এলেও একধরনের শঙ্কা নিয়েই শুটিংয়ে অংশ নিচ্ছেন বলে জানালেন ছবির নায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, ‘পরিস্থিতি কারও জন্যই স্বাভাবিক নয়। তারপরও কাজ তো করতে হবে। এই ছবির শুটিংয়ে আমরা সবাই নিরাপত্তার জন্য স্যানিটাইজার, মাস্কসহ যা যা দরকার, সবই ব্যবহার করছি।’ তিনি জানান, ২৭ মে পর্যন্ত চলবে ছবিতে তাঁর অংশের শুটিং। এখানে অপুর নায়ক হিসেবে অভিনয় করছেন জয় চৌধুরী।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অমানুষ ছবিটির গানের অংশের শুটিং আটকে গিয়েছিল। ৩০ মে থেকে বান্দরবানে সেই শুটিং আবার শুরু হচ্ছে। পরিচালক অনন্য মামুন জানান, টানা চার দিন কাজ হবে সেখানে। তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে শুটিং করব। সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছি। জীবন তো আর থেমে থাকবে না। কাজ করে যেতে হবে।’
করোনার কারণে শুটিং শেষ করা যায়নি মুখোশ ছবিটির। ২৪ মে থেকে এর শেষ ধাপের কাজ শুরু হয়েছে। টাঙ্গাইল, সাভার ও গাজীপুরে এক সপ্তাহ চলবে এ ছবির আটকে থাকা কাজ। ছবির পরিচালক ইফতেখার শুভ জানান, করোনার কারণে গত ৩ এপ্রিলের পর আর শুটিং করতে পারেননি তাঁরা। তিনি বলেন, ‘যদিও করোনার সংক্রমণ এখনো কমেনি। তারপরও মাথায় একধরনের বাড়তি চাপ নিয়েই শুটিং শুরু করলাম। তা না হলে সঠিক সময়ে এই ছবির কাজ শেষ করা যাবে না।’
রায়হান রাফির দামাল ছবির শেষ ধাপের শুটিং শুরু হওয়ার কথা আজ থেকে সৈয়দপুরে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের প্রস্তুতি নিয়েছেন তাঁরা, জানালেন ছবির নায়ক সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রেখেই শুটিং করব। কারণ, কাজটি শেষ করতে হবে। সাত–আট দিন শুটিং করলে ছবির কাজ শেষ হয়ে যাবে।’ দামাল ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।
এদিকে মঙ্গলবার থেকে উত্তরায় শুরু হয়েছে শাকিব–বুবলীর নতুন ছবি লিডার: আমিই বাংলাদেশ–এর। এটি পরিচালনা করছেন ছোট পর্দার পরিচালক তপু খান। এ ছাড়া ঈদের পরপর শুরু হয়েছে ১৯৭১: সেই সব দিনসহ বেশ কয়েকটি ছবির শুটিং। ছবিটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফেরদৌস, লিটু আনাম, আনিসুর রহমান মিলন, তারিন জাহান, হৃদি হক, মৌসুমী হামিদ, অর্ষা, সানজিদা প্রীতি, সাজু খাদেম, সুদ্বীপ বিশ্বাস প্রমুখ। পরিচালনা করছেন হৃদি হক। উল্লিখিত বেশির ভাগ ছবিই নির্মিত হচ্ছে সিনেমা হলে মুক্তির জন্য। প্রত্যেক পরিচালকের প্রত্যাশা ছবিগুলো আসছে ঈদুল আজহার আগে প্রস্তুত করবেন।