শপথ নিলেন অঞ্জনা, আসতে পারেননি ডিপজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার সন্ধ্যায় অঞ্জনা সুলতানা শপথ নিয়েছেন
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনো কাটেনি। এ পরিস্থিতির মধ্যে ৬ ফেব্রুয়ারি কাঞ্চন-নিপুণ প্যানেলের বিজয়ীরা শপথ নিয়েছেন। এত দিন মিশা–জায়েদ প্যানেলের বিজয়ীরা কেউ শপথ নেননি। তবে আজ বুধবার সন্ধ্যায় এ প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা সুলতানা শপথ নিলেন। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি। অসুস্থ থাকার কারণে আসতে পারেননি ডিপজল।

চিত্রনায়িকা অঞ্জনা মিশা জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হন
প্রথম আলো

অঞ্জনা বলেন, ‘যেহেতু আমাদের সাবেক সভাপতি মিশা সওদাগর নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়ে গেছেন। এখন তো কাঞ্চন ভাই আমাদের সবার সভাপতি। আমি কার্যকরী পরিষদের সদস্য। আমি বয়সে সিনিয়র, আমি শুরু করি। কারণ, ব্যাপারটা দেরি হয়ে যাচ্ছে। এখন নির্বাচন শেষ হয়েছে। আমরা সবাই এক। সবাই মিলেমিশে কাজ করব, এটাই এখন বড় বিষয়। আমার বিশ্বাস আমাদের প্যানেলের সবাই শপথ নেবেন।’
শপথ নিলেন, আপনার প্যানেলের সবার সঙ্গে কি এ ব্যাপারে কথা হয়েছে? জানতে চাইলে অঞ্জনা বলেন, ‘সবার সঙ্গেই কথা হয়েছে। শপথ নেওয়ার ব্যাপারে তাঁদের সবার মনোভাব ইতিবাচক।’

ডিপজল এখনো শপথ নেননি
ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক পদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা নিয়ে আলাদা করে কিছুই বলতে চাইলেন না এ অভিনেত্রী। বললেন, ‘সাধারণ সম্পাদক পদ নিয়ে সমস্যা হয়েছে। বিষয়টি আদালতে গড়িয়েছে। এখন এটি আদালতের ব্যাপার। আদালত যে রায় দেবেন, তা আমরা মেনে নেব।’
এদিকে অঞ্জনার পর মিশা-জায়েদ প্যানেলের বিজয়ীদের একে একে শপথ নেওয়ার আভাস পাওয়া গেছে। শোনা গেছে, অঞ্জনার সঙ্গে বিজয়ী সহসভাপতি ডিপজলও শপথ নেবেন। কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে নাকি আসতে পারেননি। এ ব্যাপারে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সকাল থেকে শরীরটা খারাপ। এ জন্য যেতে পারলাম না। শরীর ঠিক হলে শপথ নেব। আশা করছি, দু-এক দিনের মধ্যে নিতে পারব।’
২০২২-২৪ মেয়াদি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২২৫ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন অঞ্জনা।