শপথ নিলেন ফেরদৌস

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন ফেরদৌস। নতুন কমিটির সব সদস্য এরই মধ্যে শপথগ্রহণ শেষ করে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকলেও ফেরদৌসকে কোথাও দেখা যায়নি।

জানা গেছে, শুটিং ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় তিনি শপথ নিতে পারেননি। আজ শনিবার সন্ধ্যায় এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যালয়ে ফেরদৌসকে শপথ পাঠ করান সভাপতি মিশা সওদাগর।
ফেরদৌসের শপথ অনুষ্ঠানে জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক ও আলমগীর। অন্যদের মধ্য উপস্থিত ছিলেন অঞ্জনা, রিয়াজ, পপি ও জায়েদ খান।

ফেরদৌস বলেন, ‘আমরা যাঁরা নির্বাচিত হয়েছি, তাঁরা সবাই চলচ্চিত্রশিল্পী ও চলচ্চিত্রশিল্পের স্বার্থে কাজ করব। নতুন কমিটির সঙ্গে আজ থেকে আমার যাত্রা শুরু হচ্ছে। তবে এই সময়টার মধ্যে আমার সঙ্গে সব সময় মিশা ভাই, রিয়াজ ও জায়েদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। তাঁদের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি। আমাদের এখনকার সবচেয়ে বড় যে সমস্যা, তা হচ্ছে যৌথ প্রযোজনাসংক্রান্ত। আমরা কিন্তু যৌথ প্রযোজনার পক্ষে। কিন্তু সেখানে যেন অবশ্যই আমার দেশের শিল্পের স্বার্থ সমুন্নত থাকে। সবাই নীতিমালা মেনেই সমন্বয় করে কাজ করব। এই আন্দোলন শেষ হলেই আমরা সামনের সময়ে চলচ্চিত্রের অন্যান্য সমস্যা নিয়েও কাজ করব।’