শাকিবের কাছে সালমান এক পরশপাথর
প্রয়াত নায়ক সালমান শাহকে পরশপাথরের সঙ্গে তুলনা করেছেন ঢালিউডের আরেক কিং খানখ্যাত অভিনেতা শাকিব খান। আজ ৬ সেপ্টেম্বর ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ চলে যাওয়ার ২৫ বছর পূর্ণ হলো। ফেসবুকে স্ট্যাটাসে সালমান শাহকে বিপ্লবী এক অভিনেতা বলে অভিহিত করেছেন শাকিব খান।
শাকিব খান তাঁর ফেসবুক পেজে লিখেছেন, ‘একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে অনুসারীরা (তাঁকে) ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৫ বছর পরেও তাঁর জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। ’
‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেন সালমান শাহ। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাঁর অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই ছিল ব্যবসাসফল।
তাঁকে স্মরণ করে শাকিব লিখেছেন, ‘৯০-এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষেরাও তাঁর স্মৃতিগুলো এখনো লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্রমাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন। ’
বাংলা চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব দেখে অনেক তরুণ অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন। শাকিব লিখেছেন, ‘শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পীরা নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তাঁর সিনেমা দেখে আমারও সেই অনুপ্রেরণা হতো! একটা প্রজন্মের কাছে আইডলে পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশপাথর, যাঁর ছোঁয়ায় বাংলা চলচ্চিত্রে বিপ্লব ঘটেছিল। ’
শাকিব আরও লিখেছেন, ‘তিনি আমাদের চলচ্চিত্রের এমন ধ্রুবতারা, যিনি দূর আকাশে অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তাঁর মৃত্যুদিন এলে তাই স্বভাবতই আমাদের মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরেই আসে তাঁর জন্মদিন; তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন, সেটাই আমাদের সৌভাগ্য। ২৫তম প্রয়াণদিবসে প্রিয় নায়ক সালমান শাহকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন, ভালো থাকুন, আমাদের সালমান শাহ। ’