শাকিবের কারণেই!

এবারের শারদীয় উৎসবকে ঘিরে নানা পরিকল্পনা করে রেখেছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু শাকিব খানের কারণেই তাঁর এই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস।
এবারের দুর্গাপূজায় কয়েকটা দিন নিজের মতো করে দেশের বাইরে থাকার পরিকল্পনা করেছিলেন অপু বিশ্বাস। মায়ের সঙ্গে সেভাবে আলাপও করে রেখেছিলেন তিনি। পূজা শেষে আবারও দ্বিগুণ উৎসাহে কাজে মনোযোগী হবেন তেমনটাই ছিল অপুর ইচ্ছা। কিন্তু তেমনটি আর সম্ভব হচ্ছে না। পূজার পুরোটা সময় ধরে শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে অপুকে। তাও আবার একসঙ্গে দুই ছবির কাজ নিয়ে। এর একটি ছবি উত্তম আকাশের ‘রাজা ৪২০’ এবং অন্য ছবিটি বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অভিনয়জীবনে আমার বেশির ভাগ ছবির নায়ক শাকিব খান। এখন যেসব ছবির কাজ করছি সেগুলোও তাঁর সঙ্গে। দীর্ঘ অভিনয়জীবনে হাতেগোনা মাত্র কয়েকটি ছবিতেই অন্য নায়কের সঙ্গে কাজ করেছি। এদিকে, শাকিব বেশ কিছুদিন ধরে দেশে ও দেশের বাইরে অন্য অভিনয়শিল্পীর সঙ্গে কয়েকটি ছবির শুটিংয়ে ব্যস্ত। শিডিউল অনুযায়ী যখন তাঁর শুটিং শেষ হওয়ার কথা, তা হচ্ছে না। আর এর ফলে আমার সঙ্গে থাকা ছবিগুলোর ওপর তার প্রভাব পড়েছে।’
অপু বলেন. ‘আমার ছবির পরিচালক চাচ্ছেন শাকিব দেশে ফেরা মাত্রই ছবি দুটির কাজ শুরু করবেন। শাকিব দেশে ফিরবেন ১৮ অক্টোবর। আর তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এবার পূজায় কোনোভাবেই কোথাও আর আমার যাওয়া হচ্ছে না।’
মন খারাপ হচ্ছে না? এ বিষয়ে অপু বলেন, ‘কিছুটা তো হচ্ছেই। কিন্তু কিছুই করার নেই। শিল্পীরা সারা জীবন দর্শকের কথা চিন্তা করে নিজেদের ভালো লাগার ব্যাপার ছাড় দিয়ে থাকেন। দর্শকের ভালোবাসাই তাঁদের কাছে সবচেয়ে মুখ্য হয়ে ওঠে। এর মধ্যে আনন্দ খুঁজে থাকেন শিল্পী। আমিও এর বাইরে নই।’