শাকিবের বিরুদ্ধে উকিল নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

চিত্রনায়ক শাকিব খানকে উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সম্প্রতি এই নায়ক বেশ কয়েকটি জাতীয় দৈনিকে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীদের হেয় করে মন্তব্য করেছেন—এই অভিযোগ এনে চলচ্চিত্র পরিচালক সমিতি শাকিবকে উকিল নোটিশটি পাঠায়।
উকিল নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, ২৪ এপ্রিল শাকিবকে নোটিশ পাঠানো হয়েছে। এই পরিচালক আরও বলেন, ‘শাকিব খান পরিচালক, প্রযোজক ও শিল্পীদের নিয়ে চরম মানহানিকর কথা বলেছেন। এ কারণেই সমিতির সব সদস্যের মতামত নিয়ে তাঁর গুলশানের বাসার ঠিকানায় উকিল নোটিশ পাঠিয়েছি। এখন এই নোটিশের সুস্পষ্ট জবাবের অপেক্ষায় আছি আমরা।’
বর্তমানে রংবাজ ছবির শুটিংয়ে পাবনায় আছেন শাকিব। এ ব্যাপারে তাঁর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে একই দিনে সমিতির সদস্যদের উদ্দেশ করে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। সেখানে বিষয়টির সম্মানজনক মীমাংসা না হওয়া পর্যন্ত নির্মাতাদের শাকিব খানকে নিয়ে কোনো চলচ্চিত্র নির্মাণ না করার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভিনেতা শাকিব খান দৈনিক পত্রিকা ও মিডিয়াতে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সদস্যদের সবিনয় অনুরোধ করা যাচ্ছে।’