শাকিবের সঙ্গে তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা ও শাকিব খান
তিশা ও শাকিব খান

অভিনেত্রী তিশা আবার চলচ্চিত্রে অভিনয় করছেন। তাঁর এবারের ছবির নাম মেন্টাল। তিশা জানালেন, গত রোববার তাঁর সঙ্গে নির্মাতাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। আর শাকিবের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে আরও আগে।
মেন্টাল ছবিতে অপরাধবিষয়ক একজন টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন তিশা। তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই ছবিটির কাহিনি ও চিত্রনাট্য পড়ছি। ছবিতে অভিনয়ের অনেক সুযোগ রয়েছে। আর ছবিতে সবাই আমাকে একেবারে নতুনভাবে দেখতে পাবেন।’
এবারই প্রথম শাকিব খান ও তিশা একসঙ্গে অভিনয় করবেন। তিশা বললেন, ‘শাকিব খান আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় একজন নায়ক। অনেকের মতো তিনি আমারও পছন্দের শিল্পী। এবার তাঁর সঙ্গে কাজ করব, অবশ্যই ভালো লাগছে।’
ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, ‘ছবির সিমি চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রী দরকার ছিল, যার সবকিছু তিশার মধ্যেই আছে। আর দর্শকদের কাছে তিশার গ্রহণযোগ্যতা অনেক বেশি।’
মেন্টাল ছবির শুটিং শুরু হবে ১১ ডিসেম্বর, এফডিসিতে। ওই দিন শুটিংয়ে অংশ নেবেন শাকিব ও তিশা। ছবিতে আরও অভিনয় করবেন আঁচল, কাবিলা, মিশা সওদাগর, পড়শী প্রমুখ।
তিশা এর আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন ছবিতে অভিনয় করেছেন।