শাকিবের সঙ্গে দেখা হলো না অপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান-অপু বিশ্বাস
শাকিব খান-অপু বিশ্বাস

বিয়ের ব্যাপারটি প্রকাশ্যে আসার পর এবার ছিল জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের দ্বিতীয় ঈদ। রোজার ঈদের মতো এই ঈদেও দেখা হলো না এই তারকা দম্পতির। স্ত্রী অপুর সঙ্গে দেখা না হলেও একমাত্র সন্তান আব্রামকে নিয়ে ঈদ উদ্‌যাপন করেছেন শাকিব। রোজার ঈদে বাবা শাকিব লন্ডনে থাকায় তখন সন্তানের কাছে থাকতে পারেননি। তাই ঈদুল আজহার সময়টাতে সন্তানের সঙ্গেই ছিলেন।

ঈদের আজ পঞ্চম দিন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার রাতে নতুন সিনেমা ‘চালবাজ’-এর শুটিং করতে লন্ডন গেছেন শাকিব। সে হিসেবে এখন পর্যন্ত বাস্তব জীবনের এই জুটির কোনো দেখা হয়নি। তবে এ নিয়ে কোনো কষ্ট নেই অপুর। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ বুধবার দুপুরে এই নায়িকা বললেন, ‘আমি জানি না, সে কেন দেখা করেনি। আমাকে নিয়ে হয়তো তাঁর এখনো কোনো অভিমান রয়ে গেছে। আমি বিশ্বাস করি তা অবশ্যই কেটে যাবে। আমি অপেক্ষা করছি। তবে সে আমার সন্তানকে নিয়ে ভাবছে, এতেই আমার শান্তি।’

অপু জানান, ঈদের দিন শাকিবের চাচাতো ভাই মনির আব্রামকে তাঁর মায়ের বাসা থেকে শ্বশুরের বাসায় নিয়ে যান। পরে সন্তানকে আনতে সে বাসায় গেলেও স্বামী-স্ত্রী শাকিব-অপুর দেখা হয়নি।