শাবনাজ-নাঈমকে ফ্লোরে বসে দেখেন ফেরদৌস!

তারকাদেরও আছে তারকা ভক্ত। এই যেমন শাবনাজ-নাঈমের ভক্ত বাংলাদেশ ও ভারতের কলকাতার জনপ্রিয় নায়ক ফেরদৌস। অবশ্য ফেরদৌস যখন শাবনাজ-নাঈমের ভক্ত তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছিলেন শিক্ষার্থী। গতকাল শনিবার রাতে ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত চাঁদনী সন্ধ্যায় ফেরদৌস এ কথা জানান। আরও জানালেন, প্রিয় জুটির সিনেমা ফ্লোরে বসে দেখার অভিজ্ঞতাও।
ফেরদৌস বলেন, ‘আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। সে সময়ই “চাঁদনী” ছবিটি মুক্তি পায়। বন্ধুরা মিলে বলাকা সিনেমা হলে দল বেঁধে ছবিটি দেখতে যাই। ছবিটি নিয়ে দর্শকের এত বেশি আগ্রহ ছিল যে থার্ড ক্লাসের টিকিট নিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে গিয়ে দেখি সেই সিটও নাই। বাধ্য হয়ে ফ্লোরে বসে ছবিটি দেখে ঘরে ফিরি।’

‘চাঁদনী’ ছবির সময় বাংলাদেশি চলচ্চিত্রশিল্পের অবস্থা ছিল দারুণ। সেই সময়কার ছবিগুলো দেখলেই তা বুঝতে পারা যায়। চলচ্চিত্রের বর্তমান সময়টাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে হবে বলেও জানান ফেরদৌস। আর এ জন্য সবাইকে এক হতে হবে বলেও জানান তিনি। ফেরদৌস বলেন, ‘আমাদের সবারই উচিত শিল্পীদের পাশে থাকা। সবাই মিলে একসঙ্গে কাজ করে চলচ্চিত্রশিল্পকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমি তো বলতে চাই, নাঈম-শাবনাজ এবং সানি-মৌসুমী জুটির কাছ থেকে আমাদের প্রজন্মের অনেক কিছুই শেখার আছে। কিছুদিন আগে রাজ্জাক সাহেব (নায়ক রাজ্জাক) আক্ষেপ করে বলেছেন, জুনিয়ররা এখন আর সিনিয়র শিল্পীদের শ্রদ্ধা করে না। আমিও কয়েক জায়গায় এ ধরনের শুনেছি। তাই আমরা যদি একটা অনুসরণীয় জায়গা তৈরি করে না দিয়ে যাই, তাহলে কেউ আর আমাদের অনুসরণ করবে না।’
‘চাঁদনী’ ছবিটি নিয়ে নাঈম-শাবনাজ ২৫ বছর উদ্যাপনের যে উদ্যোগ নিয়েছেন তাঁকে এটা চমৎকার বলে মনে করছেন চিত্রনায়ক ফেরদৌস। ২০১৮ সালে তাঁর নিজের ছবি ‘হঠাৎ বৃষ্টি’র ২০ বছর পূর্তি হবে। সেটি নিয়ে একটা উদ্যাপনের কথা ভাবছেন বাংলাদেশ ও ভারতের কলকাতার জনপ্রিয় এই নায়ক।