শারজা ক্রিকেট মাঠে আলো ছড়াবেন বাংলাদেশি তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ববি
সংগৃহীত

আগামী ৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শারজা স্টেডিয়ামে বসবে ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল’। ক্রিকেটের জন্য বিখ্যাত এই স্টেডিয়ামে এবার আলো ছড়াবেন রুপালি পর্দার তারকারা। এতে  অংশ নিচ্ছেন ঢাকাই ছবির তিন তারকা ইয়ামিন হক ববি, নুসরাত ফারিয়া ও রোশান। সেখানে গানের সঙ্গে নাচবেন তাঁরা। ১ ডিসেম্বর সেখানে যাবেন তাঁরা, ফিরবেন ৪ ডিসেম্বর।

নুসরাত ফারিয়া
সংগৃহীত

আগে ছবির প্রচারে গেলেও এবারই প্রথম দেশের বাইরে স্টেজ শোতে অংশ নিচ্ছেন ববি। জানালেন তাঁর অভিনীত ‘বিজলি’, ‘নোলক’, ‘রাজত্ব’সহ বেশ কয়েকটি পুরোনো দিনের সিনেমার গানের সঙ্গে নাচবেন। দেশের বাইরে এ ধরনের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হওয়াতে খুশি ববি। বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী আমাদের ফ্যান ফলোয়ার। শো করতে গিয়ে তাঁদের কাছাকাছি যেত পারব।’

ফারিয়া জানান, অনুষ্ঠানে তাঁর গাওয়া অডিও গান ‘পটাকা, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’ এবং ‘ইন্সপেক্টর নটি কে’, ‘আশিকী’ ও ‘ধ্যাততেরিকি’ সিনেমার গানের সঙ্গে নাচবেন তিনি। বলেন, ‘দেশের বাইরে ভারতে অনেক অনুষ্ঠান করেছি। এবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠান করব। সেখানে প্রবাসী ভাইবোনদের সঙ্গে দেখা হবে।’

জিয়াউল রোশান
ছবি: সংগৃহীত

দেশের বাইরে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ রোশানেরও প্রথম। তিনি বলেন, ‘শুনেছি, সেখানে প্রবাসী বাঙালি দর্শকই বেশি থাকবেন। এ জন্য বাড়তি চাপ থাকবে না। বাঙালি দর্শকের সামনে পারফরম্যান্স করা সব সময়ই আমার ভালো লাগে।’ জানালেন অনুষ্ঠানে তাঁর অভিনীত ‘বেপরোয়া’, ‘রক্ত’ ও ‘ধ্যাততেরিকি’ সিনেমার গানের কোলাজের সঙ্গে একক নৃত্য করবেন রোশান। অন্য একটি গানে ববির সঙ্গে নাচবেন তিনি।

আয়োজকদের একজন রমিম রায়হান জানান, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য এই অনুষ্ঠান।