শিল্পীদের স্মৃতিচারণ, কম্বল বিতরণ

একঝাঁক শিল্পী উপস্থিত হয়েছিলেন এফডিসিতে। চলছিল একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কুশল জানতে চাওয়া। সে এক অন্যরকম পরিবেশ। এক সময়কার জনপ্রিয় নায়ক ওয়াসিম বলছিলেন, ‘একদিন আমিও শিল্পী সমিতির নেতা ছিলাম। গত ২০ বছরে শিল্পীদের এমন মিলনমেলা দেখিনি। খুব ভালো লাগছে। যারা এ আয়োজনটি করেছেন তাঁদের সাধুবাদ জানাই।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে এফডিসির এক নম্বর ফ্লোরে ছিল চলচ্চিত্র শিল্পীদের মতবিনিময়। সেখানে উপস্থিত হয়ে অনেকেই ওয়াসিমের মতো করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। বিভিন্ন প্রজন্মের শিল্পীদের স্মৃতিচারণার মধ্য দিয়ে চলতে থাকা এ অনুষ্ঠান এক সময় মিলনমেলায় পরিণত হয়। এক নম্বর ফ্লোর থেকে শুরু করে পরিচালক সমিতি হয়ে সেটি গিয়ে গড়ায় শিল্পী সমিতির কার্যালয় পর্যন্ত।
শিল্পীদের মতবিনিময় শেষে শিল্পীদের পক্ষ থেকে দুস্থ শিল্পী ও এফডিসির চতুর্থ শ্রেণির সাবেক ও বর্তমান কর্মচারীদের মধ্যে প্রায় সাড়ে চার শ কম্বল বিতরণ করা হয়। মতবিনিময় সভা ও কম্বল বিতরণের এই আয়োজনটি করেছিল আগামী শিল্পী সমিতির নির্বাচনের সম্ভাব্য ‘মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল’। নায়ক রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সোহেল রানা, এটিএম শামসুজ্জামান, প্রবীর মিত্র, ফারুক, রোজিনা, নুতন, দিলারা, মিশা সওদাগর, রিয়াজ, জায়েদ খান, পপি, পূর্ণিমা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ডিপজল, বাপ্পারাজ, সম্রাট, রেসি, সাবিহা, সিমলা, কেয়া, পলি, ইমন, সাইমন প্রমুখ।