শীতসন্ধ্যায় জমে ওঠে উৎসব
ওই তো দেখা যায় আন্দ্রেই তারকোভস্কিকে। বিশ্ব চলচ্চিত্রে যাকে ক্যামেরার কবি বলে। পাশেই ইতালির কিংবদন্তিতুল্য চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলেনি। আছেন দেশের জহির রায়হান, আলমগীর কবির, তারেক মাসুদরাও। বাংলা চলচ্চিত্রের ত্রিরত্ন—মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়কেও দেখা গেল। তাঁরা কেউ জীবিত নেই, তবে তাঁদের কাজ তাঁদের জীবিত রাখবে আজীবন। ২০২২ সালে এসেও তো তাঁরা সমসাময়িক।
জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই তারকা চলচ্চিত্রকারদের পাওয়া গেল বিভিন্ন ব্যানারে। তাতে তাঁদের ছবির সঙ্গে পাওয়া গেল কাজের বিবরণ। করোনার এই সময়ে বিশ্বজুড়েই চলচ্চিত্র আঙিনা মন্থর। সেই সময়ে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যেন চলচ্চিত্রপ্রেমীদের মিলনের একটি সুযোগ করে দিল।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে দেশি-বিদেশি চলচ্চিত্রের পসরা সাজানো হয়েছে। চলচ্চিত্রকর্মী, চলচ্চিত্রকার, সমালোচক, দর্শকে একাকার উৎসবের উঠান। রাজধানীর শুধু একটি জায়গায় নয়, নানা জায়গায় চলে সিনেমার প্রদর্শনী।
গত বৃহস্পতিবারের কথা। সকালের দিকে জাতীয় গণগ্রন্থাগারের চত্বরে গিয়ে খুব একটা দর্শক চোখে না পড়লেও বিকেল গড়াতেই বাড়তে থাকে চলচ্চিত্রপ্রেমী। সন্ধ্যা হতেই গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের সামনে ভিড় বাড়তে শুরু করে। সেদিন সন্ধ্যায় শবনম ফেরদৌসীর ছবি আজব কারখানার উদ্বোধনী প্রদর্শনী ছিল। নির্দিষ্ট সময় থেকেই দর্শকেরা ঢুকে পড়েন হলে।
ছবি শেষে চলচ্চিত্রপ্রেমীরা মাতেন আলোচনায়। ছোট ছোট দলে ভাগ হয়ে চলে ছবি নিয়ে আলোচনা। ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক। দেখা হয়ে গেল ফিল্ম সোসাইটি আন্দোলনের একদল তরুণের সঙ্গে। তাঁদের কথায় উঠে এল দেশি চলচ্চিত্র থেকে আন্তর্জাতিক চলচ্চিত্রের গতিপ্রকৃতি।
একজন জানালেন, এই আবদ্ধ সময়ে চলচ্চিত্র উৎসবকে উপলক্ষ করে সবার সঙ্গে দেখা হওয়ারও একটা সুযোগ হয়ে গেল।
উৎসবে দেখা হলো জাপানের তরুণ চলচ্চিত্রকার মিকা সাসাকির সঙ্গে। তিনি রবীন্দ্রনাথের গান নিয়ে তৈরি করেছেন অসাধারণ একটি প্রামাণ্যচিত্র। জানালেন, উৎসবে এসে দারুণ লেগেছে তাঁর। বিকেলে তিনি ঘুরে এসেছেন পদ্মাতীরে মাওয়া ঘাট। বাংলাদেশের প্রকৃতি তাঁর কাছে অদ্ভুত রকমের সুন্দর।
খণ্ড খণ্ড দল হয়ে চলে আড্ডা। একটি দলে পাওয়া গেল শবনম ফেরদৌসীকে। তিনি অপেক্ষায় ছবি দেখে প্রতিক্রিয়া কী জানার জন্য। একজন দর্শক এসে তাঁকে জড়িয়ে ধরলেন। বিস্তারিত আর বলার কি দরকার আছে? ছবিটি কেমন হয়েছে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এসেছেন উৎসবে। তাঁদের এই চলচ্চিত্র উৎসবে এবারই প্রথম আসা। এত এত দেশি–বিদেশি ছবি দেখা তাঁদের কাছে দারুণ লেগেছে। বাংলাদেশে যে এত বড় চলচ্চিত্র উৎসব হয়, এটা তাঁরা জানতেন না। তাঁদের একজন জুবায়ের বলেন, ‘সাধারণত বিদেশি ছবি আমাদের দেখার সুযোগ হয় না। সে ক্ষেত্রে এই উৎসবের মাধ্যমে আমরা নানা দেশের, নানা ফিলসফির ছবি দেখতে পারছি। এটা একটা বড় ব্যাপার।’
এই তরুণদের সঙ্গে যুক্ত হন আরও একজন। তিনিও চলচ্চিত্র ভালোবাসেন। মাহদী নামের ওই তরুণ মনে করেন, এসব চলচ্চিত্র উৎসব নিয়ে প্রচারণা কম হয়। অনেকেই জানেন না যে এমন একটা চলচ্চিত্র উৎসব হচ্ছে ঢাকায়।
উৎসব চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ৭০টি দেশের ২২৫টি সিনেমা দেখানো হচ্ছে। ‘রেট্রোস্পেকটিভ’ শাখায় জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজুর পাঁচটি ছবি এবং ‘ট্রিবিউট’ শাখায় রাখা হয়েছে ফরাসি চলচ্চিত্রকার জ্যঁ লুক গদারের দুটি ছবি। ফরাসি নবতরঙ্গ আন্দোলনের অন্যতম অভিনেতা জঁ পল বেলমন্দো। পঞ্চাশ ও ষাটের দশকে ফরাসি চলচ্চিত্রে নবতরঙ্গ আন্দোলনে তাঁর নামও জ্বলে ওঠে। গত বছর মারা যান এই বিখ্যাত অভিনেতা। মূলত তাঁকে শ্রদ্ধা জানাতেই এই দুটি ছবি রাখা হয়েছে।
করোনা সংক্রমণ বাড়ছে। তাই হয়তো আশানুরূপ দর্শক সমাগম হয়নি বলে মনে করেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘এই কোভিডের কারণে আমাদের অনেক থমকে যেতে হচ্ছে। আমরা যেভাবে চাচ্ছিলাম, সেভাবে পারছি না। কিন্তু কন্টিনিউ হচ্ছে সেটা বড় জিনিস। দর্শক যতটা হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে যা হচ্ছে মন্দ না। আর দুটি দিন পার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। যাতে শেষটা ঠিকভাবে হয়।’
এবারও জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজে ছবি দেখা যাবে। শুধু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছবি দেখতে ৫০ টাকার টিকিট কাটতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ছবি দেখতে পারবেন।