শুটিং বাকি, ছবি শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমার প্রেম আমার প্রিয়’ ছবির একটি দৃশ্যে পরীমনি ও আরজু
‘আমার প্রেম আমার প্রিয়’ ছবির একটি দৃশ্যে পরীমনি ও আরজু

একটি দৃশ্য ও একটি গান বাকি। সেসব শেষ না করেই ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির কাজ সমাপ্তির ঘোষণা দিলেন পরিচালক শামীমুল ইসলাম। কারণ হিসেবে পরিচালক বললেন, ‘নায়িকা পরীমনির কারণেই ছবির সমাপ্তি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি। ২১ অক্টোবর সকাল থেকে ছিল ছবির শেষ অংশের শুটিং। আগেই তাঁর সিডিউল দেওয়া ছিল। কাজটি করেননি তিনি। সারা দিনই বাসায় ছিলেন কিন্তু লোকেশনে আসেননি। ফোনে হাত-পা ধরেছি পর্যন্ত।’

২০১৫ সালের মার্চ থেকে শুরু হয়েছিল ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির শুটিং। মাঝে পার হলো প্রায় দুই বছর। এর আগে লিখিত সিডিউল দিয়েও পরীমনি কাজ করতে চলে গিয়েছিলেন ‘রক্ত’ ছবিতে। পরিচালক জানান, একদিন শুটিং ফেঁসে গেলে লোকসান হয় প্রায় এক লাখ টাকা। এমন করলে তো প্রযোজক শেষ হয়ে যাবেন।
কিন্তু এভাবে কাজ শেষ করলে ছবির গল্পের ধারাবাহিকতা নষ্ট হবে কি না, জানতে চাইলে পরিচালক বলেন, ‘না, ছবিতে একটা গান না থাকলে কোনো সমস্যা নেই। গল্পেরও ক্ষতি হবে না। সে অবস্থা বুঝেই কাজ শেষ করে দিলাম।’ তিনি বলেন, ‘আর কত ধৈর্য ধরব! বাকি কাজ শেষ করতে নায়িকার পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। শেষ পর্যন্ত পরীমনি সিডিউল দিয়েছিলেন। কয়েক দিন কাজও করলাম। কিন্তু শেষে এসে আবারও ধরা খেলাম।’
তবে পুরো বিষয়টি অস্বীকার করে পাল্টা প্রশ্ন করেন পরীমনি, ‘কে বলেছে এসব কথা? কোন পরিচালক, বলেন না?’ এরপর তিনি বলেন, ‘আমি এসব নিয়ে মাথা ঘামাই না। আমার মতো আমি কাজ করি। যতটুকু করি মনপ্রাণ দিয়েই করি।’ এই নায়িকা আরও বলেন, ‘আমি যদি সবাইকে এমন সমস্যাতে ফেলতামই, তাহলে আর আমি আজ পরীমনি হতে পারতাম না।’