শুধু আমিরই নন, শুভও পারেন!

একজন বৃদ্ধ মানুষের ছবি পাঠিয়ে যেন ধাঁধার উত্তরই জানতে চেয়েছিলেন ঢাকাই ছবির অভিনেতা আরিফিন শুভ। উত্তরটাও জানিয়েছেন তিনিই।
বাংলাদেশি চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ছবির কাজ নিয়ে ইদানীং দারুণ ব্যস্ত তিনি। আজ ঢাকায় তো কাল ঢাকার বাইরে। এরই মধ্যে হঠাৎ বৃহস্পতিবার সকালে আরিফিন শুভ তাঁর মোবাইল থেকে একজন বয়োবৃদ্ধ মানুষের ছবি পাঠান।
ছবির নিচে লেখা, ‘খালি আমির খানই পারেন?’ ছবিটি প্রথম দেখায় বোঝার কোনো উপায় নেই, মানুষটি আসলে কে? এরপর শুভকে ফোন দেওয়া। ছবির মানুষটা কে? শুভ জানালেন, ছবির মানুষটি আর কেউ নন; আরিফিন শুভ স্বয়ং!
কিন্তু কি কারণে এমন সাজ? জানতে চাইলে শুভ বলেন, নতুন ছবি ‘নিয়তি’র শুটিংয়ের কারণেই এমন গেটআপ নিতে হয়েছে। এর বেশি আর কিছু বলতে চাই না। বাকিটা রহস্য হিসেবেই থাক। ছবিটা দেখে নিজেই মুগ্ধ হয়েছি। দারুণ মেকআপ-গেটআপ হয়েছে আমার।’
‘নিয়তি’ সিনেমার পরিচালক জাকির হোসেন রাজু। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন নবাগত জলি। এ ছবিতে শুভর চরিত্রের নাম ‘শুভ্র’ ও জলির চরিত্রের নাম ‘নীলা’। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে জলি ছাড়াও অভিনয় করছেন কলকাতা থেকে আরেকজন নায়িকা।