শুভর বৃহস্পতি তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে সুবর্ণ সময় পার করছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। গত মাসে মুক্তি পাওয়া শুভ অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি বক্স অফিস কাঁপিয়েছে—এই কথা বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির। আর চলচ্চিত্র সমালোচকেরা বলছেন, অনেক দিন পর ঢালিউডের কোনো ছবি এত বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই শুভর সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে সমালোচকদের রায়ে তিনি হয়েছেন সেরা চলচ্চিত্র অভিনেতা। এরই মধ্যে বাড়তি পাওনা বিদেশের প্রেক্ষাগৃহে শুভ অভিনীত ছুঁয়ে দিলে মন ছবির মুক্তি। সব মিলিয়ে ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতার বৃহস্পতি এখন তুঙ্গে।

‘ছুঁয়ে দিলে মন’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও মম
‘ছুঁয়ে দিলে মন’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও মম

প্রথম আলোর সঙ্গে আলাপে শুভ বলেন, ‘আমি কৃতজ্ঞ আমার সব দর্শকের কাছে। তাঁদের ভালোবাসায় আজ আমি আরিফিন শুভ। ‘‘ছুঁয়ে দিলে মন’’ ছবিটি মুক্তির সময় বিশ্বকাপ ক্রিকেট খেলা চলছিল। শুনেছি, অনেকে ওই সময়ে ছবিটি মুক্তির না দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু পরিচালকসহ আমরা সবাই আত্মবিশ্বাসী ছিলাম। ছবিটি কিন্তু ঠিকই ব্যবসায়িকভাবে সফলতা লাভ করেছে, পেয়েছে দর্শকপ্রিয়তাও। দর্শকেরা লাইন ধরে হলে গিয়েছেন ছবিটি দেখতে। আমরা সবাই মিলে চেষ্টা করেছি বলেই ছবিটি সবার ভালো লেগেছে। এর পুরো কৃতিত্ব ছবির পরিচালক শিহাব শাহীন ও পুরো ইউনিটের।’

মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেতা নির্বাচিত হয়েছেন আরিফিন শুভ। ইলিয়াস কাঞ্চন ও তারানা হালিমের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শুভ।
মেরিল-প্রথম আলো পুরস্কারের এবারের আসরে সমালোচকদের রায়ে সেরা চলচ্চিত্র অভিনেতা নির্বাচিত হয়েছেন আরিফিন শুভ। ইলিয়াস কাঞ্চন ও তারানা হালিমের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন শুভ।

ছুঁয়ে দিলে মন ছবিটি বাংলাদেশের পাশাপাশি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বোম্বে থিয়েটারেও মুক্তি পেয়েছে। ২৪ মে মুক্তি পাবে অস্ট্রেলিয়ার একটি প্রেক্ষাগৃহে। এ নিয়ে শুভ বেশ উচ্ছ্বসিত। শুভ বললেন, ‘দেশের পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাওয়াটা আমার জন্য অনেক বেশি আনন্দের। এরই মধ্যে যুক্তরা​ষ্ট্র থেকে আমার পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা ছবিটি সম্পর্কে তাঁদের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন।’
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার প্রসঙ্গে শুভ বলেন, ‘বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ একটি পুরস্কারের নাম মেরিল-প্রথম আলো পুরস্কার। দর্শক ভোটের পাশাপাশি এখানে থাকে সমালোচক পুরস্কার। এই সমালোচক পুরস্কার বিভাগের সঙ্গে যুক্ত থাকেন দেশের গুণী সব মানুষ। তাঁদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমার সেরা অভিনেতা হওয়ার ব্যাপারটি নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের ও সম্মানের। আমার জীবনের প্রথম পুরস্কার এটি। এই পুরস্কার অর্জন আমার কাজের প্রতি দায়িত্ব আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে।’
শোবিজে আরিফিন শুভর শুরু র‌্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে। পাশাপাশি রেডিওতে কথাবন্ধুর কাজও করতেন। এরপর নাটকে অভিনয় করেন। একটা সময় সব কিছুকে বিদায় দিয়ে নিজেকে চলচ্চিত্রের জন্য উপযোগী করে তোলেন। পেয়েছেন সফলতাও। তাঁর প্রথম ছবির নাম ‘জাগো’। এই ছবিতে তাঁর উপস্থিতি অল্প সময়ের জন্য হলেও, শুভ ঠিকই দর্শক হৃদয়ে স্থান করে নেন। এরপর একে একে কাজ করেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ছায়াছবি’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘ওয়ার্নিং’ ও ‘ছুঁয়ে দিলে মন’ ছবিগুলোতে।
শুভ বর্তমানে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ ছবির কাজ করছেন। এই ছবিতে শুভর বিপরীতে অভিনয় করছেন নবাগত মারজান জেনিফা।