সংগঠন চাঙা, সিনেমা মন্দা

ঢাকার চলচ্চিত্র ঘিরে একাধিক সংগঠন গড়ে উঠেছে। সংগঠনগুলো নিয়ে বিভিন্ন ইস্যুতে মাঠেও নেমেছিল চলচ্চিত্র পরিবার। সংগঠনগুলো তাদের নির্বাচন, বার্ষিক বনভোজনসহ নানা ধরনের অনুষ্ঠান করে থাকে। এর বিপরীতে ঢাকার চলচ্চিত্রে চলছে সংকট। ক্রমেই কমছে চলচ্চিত্রের সংখ্যা। চলচ্চিত্রের এই সংকট থেকে উত্তরণে সংগঠনগুলোর কোনো ভূমিকা কী আছে? জানতে চাইলে, সমিতিগুলোর সদস্যদের অনেকেই বলেছেন, সমিতিগুলোর সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্যই এগুলো তৈরি হয়েছে। তবে চলচ্চিত্রশিল্পের সংকট উত্তরণে কোনো কোনো সংগঠন কাজ করে যাচ্ছে।
বছরখানেক আগে যৌথ প্রযোজনার নীতিমালা সংশোধন, সঠিক নিয়ম মেনে আমদানি-রপ্তানির ছবির আদান–প্রদান করতে আন্দোলনে নেমেছিল সংগঠনগুলো। সে সময় ১৮টি সংগঠন নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার আত্মপ্রকাশ করে। তখন থেকেই প্রাতিষ্ঠানিকভাবে চলচ্চিত্রের ১৮টি সংগঠনের কথা শোনা যায়। বেশির ভাগ সংগঠনের কার্যালয় তেজগাঁও বিএফডিসিতে। এ সংগঠনগুলো নিজেদের কাজে বেশ সক্রিয়ও। সমিতিগুলো নির্বাচন আয়োজন থেকে শুরু করে বার্ষিক বনভোজনসহ নানা ধরনের অনুষ্ঠান বেশ জাঁকজমক করেই পালন করছে।
মাসে মাসে নতুন চলচ্চিত্র নির্মাণই এই শিল্পের প্রাণ। সেই চলচ্চিত্র নির্মাণের গতি একেবারেই কমে গেছে ঢাকাই চলচ্চিত্রে। বছরের পর বছর ছবির সংখ্যা কমে যাচ্ছে। ২০১৭ সালে তৈরি হয় প্রায় ৫৬টি দেশীয় সিনেমা। ২০১৮ সালে এসে সেই সংখ্যা দাঁড়ায় ৩৫ টিতে। চলতি বছরেও এই সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আছে। কারণ, বছরের শুরুর মাসে মুক্তি পেয়েছিল মাত্র একটি চলচ্চিত্র। চলচ্চিত্রের এই সংকটে সংগঠনগুলোর ভূমিকা নিয়ে জানতে চাইলে তাঁরা বলেছেন, সিনেমা বাড়াতে তাঁদের কোনো ভূমিকা থাকার কথা নয়। সমিতিগুলোর সদস্যদের স্বার্থ সংরক্ষণই সমিতিগুলোর কাজ।
কিন্তু সিনেমাই যদি না থাকে, তাহলে স্বার্থ রক্ষা করে কী হবে—এমন প্রশ্ন উঠছে চলচ্চিত্রশিল্পে। চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিদের কেউ কেউ বলছেন, নিজেদের স্বার্থ রক্ষা করার মানে এই নয় যে সিনেমা সংকটে পড়লে তার উত্তরণে তাঁরা ভূমিকা রাখবেন না। সমিতির সদস্যরাই তো সিনেমার অংশ। এ ব্যাপারে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘সিনেমার সংকট দূর করতে সমিতিগুলোর নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে। চলচ্চিত্র পরিবারের সদস্য হিসেবে আমরা পরিচালক সমিতি আগে থেকেই নানা আন্দোলন করে সফল হয়েছি। যেমন আন্দোলন করে যৌথ প্রযোজনার নীতিমালা সংশোধন, আমদানি–রপ্তানি ছবির সঠিক নিয়ম মানা ইত্যাদি।’
এ ব্যাপারে চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সাবেক সভাপতি মাসুম বাবুল বলেন, ‘প্রযোজক সমিতি সক্রিয় না হলে সিনেমার সংকট দূর হবে না। বেশ কিছুদিন আগে আমরা সব সমিতি একসঙ্গে বসেছিলাম। যার যার জায়গা থেকে পারিশ্রমিক কম নিয়ে হলেও ছবি তৈরিতে প্রযোজকদের উত্সাহিত করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তা সফল হয়নি। আমাদের অনেকেই আছেন, খালি নেতৃত্বই দিতে চান।’
তবে চলচ্চিত্রের এই দুর্দিনে সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি সংকট উত্তরণে বেশ কিছুদিন ধরেই সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের মতে, সংগঠনগুলোর কাজ সিনেমা তৈরি করা না। সংগঠনের সদস্যদের স্বার্থ রক্ষা করা। এরপরও শিল্পী সমিতি সিনেমাকে ঘুরে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘সব সংগঠনকে সঙ্গে নিয়ে শিল্পী সমিতি ও পরিচালক সমিতি সিনেমাকে বাঁচাতে কাজ করছে। কয়েক দিন আগেও সরকারের কাছে সহযোগিতা চেয়েছি আমরা। আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’
জায়েদ খান আরও বলেন, সিনেমা তৈরিতে বিনিয়োগ করেন প্রযোজকেরা। কিন্তু প্রযোজক সমিতি সক্রিয় নয়। এক পক্ষের মামলার কারণে চার বছর ধরে সমিতির নির্বাচন বন্ধ আছে। ফলে সমিতি সিনেমা তৈরিতে সেভাবে ভূমিকা রাখতে পারছে না।
চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি
বাংলাদেশ জুনিয়র শিল্পী সমিতি
বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সংস্থা
বাংলাদেশ চলচ্চিত্র সহকারী চলচ্চিত্রগ্রাহক সংস্থা
ফিল্ম এডিটরস গিল্ড
বাংলাদেশ নৃত্য পরিচালক সমিতি
বাংলাদেশ সহকারী নৃত্য পরিচালক সমিতি
বাংলাদেশ নৃত্যশিল্পী সমিতি
চলচ্চিত্র স্থিরগ্রাহক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র ফাইটার অ্যাসোসিয়েশন
বাংলাদেশ চলচ্চিত্র ফাইটার ডিরেক্টর অ্যাসোসিয়েশন
বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি
বাংলাদেশ চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয় গোষ্ঠী
বাংলাদেশ শিল্প নির্দেশনা সমিতি