সচেতন করতে মৌসুমী, রিয়াজ ও বিশ্বজিৎ

বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন চিত্রনায়িকা মৌসুমী, নায়ক রিয়াজ ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। ‘গল্প নয় সত্যি’ নামে বিটিভির এই অনুষ্ঠানের মাধ্যমে এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠানে এলেন তাঁরা।
সামাজিক সচেতনতামূলক এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে চারটি অংশে। এর ভিন্ন ভিন্ন অংশে দেখানো হবে স্ব স্ব ক্ষেত্রে সফল মানুষদের। তাদের জীবনকর্ম নিয়েই আলোচনা ও মন্তব্য করবেন রিয়াজ, মৌসুমী ও কুমার বিশ্বজিৎ।
অনুষ্ঠানটিতে দেখা যাবে, মানুষ চাইলে সবকিছুই সম্ভব। একজন মানুষই অন্য একজন মানুষের অনুপ্রেরণা হতে পারেন। সমাজ এগিয়ে যায় সবার সম্মিলিত প্রচেষ্টায়। দেশের উন্নয়নে যাঁরা অবদান রাখছেন তাঁদের নিয়েই এই অনুষ্ঠান।
অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আরিফুর রহমান ও এজিএম নাজমুল হুদা। এ রিয়াজ জানান, ‘বর্তমান সময়ে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মাতৃ মৃত্যুহার কমেছে, দেশের শিক্ষার্থীরা রোবট বানাচ্ছে।
ব্যক্তিগতভাবে অনেকেই দেশের উন্নয়নে অবদান রাখছেন। সেসবের বেশির ভাগই মানুষ জানে না। সেই বিষয়গুলোই এখানে দেখানো হবে’।
‘গল্প নয় সত্যি’ এপ্রিলের ৮ তারিখে বিটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন জাইকা, এটুআই, জাপান এনএইচকে টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশন।