সঞ্চালক শাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

ঈদের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য একটি গানের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন চিত্রনায়ক শাকিব খান। আসছে ঈদুল আজহায় একুশে টিভিতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। ‘আমার ছবি আমার গান’ নামের এই আয়োজনে দেখানো হবে শাকিব খান অভিনীত জনপ্রিয় কিছু সিনেমার গান। গানগুলো দেখানোর আগে শাকিব নিজেই বলবেন এর সঙ্গে জড়িয়ে থাকা তাঁর স্মৃতি ও অভিজ্ঞতার কথা।
নতুন এই আয়োজনটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন ফারহানা নিশো। তিনি বলেন, শাকিব খান অভিনীত ১০টি সিনেমার গান নিয়ে আমার ছবি আমার গান–এর এই পর্বটি সাজানো হয়েছে। তিনি আরও বলেন, স্টুডিওতে একজন উপস্থাপক, একজন অতিথি—এভাবে গৎবাঁধা নিয়মে অনুষ্ঠান তো নিয়মিতই হয়। ঈদের অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করতেই নতুন এই পরিকল্পনাটি করা হয়েছে।
চিত্রনায়ক শাকিব খানের টিভি অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা নেই। তাই নতুন এই দায়িত্বটি নিয়ে তাঁর বক্তব্য হলো, ‘সঞ্চালনা আগে কখনো করিনি। নিয়মিত করতেও চাই না। কিন্তু এই অনুষ্ঠানের ভাবনাতেই চমক আছে। তাই এর অংশ হলাম।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটির দৃশ্য ধারণ হয়। প্রযোজক আসাদুজ্জামান বলেন, শাকিব খানের অভিনয়জীবনের শুরুর দিকের ছবি অনন্ত ভালোবাসা থেকে শুরু করে সবশেষ মুক্তি পাওয়া শিকারি, মুক্তির অপেক্ষায় থাকা বসগিরি ও শুটার ছবির গানও থাকছে এই অনুষ্ঠানে। ঈদের অনুষ্ঠামালায় চাঁদরাতে একুশে টেলিভিশনে প্রচারিত হবে শাকিবের উপস্থাপনায় এই অনুষ্ঠানটি।
এদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নাম ঠিক না হওয়া এই ছবিতে তাঁর বিপরীতে কলকাতার শ্রাবন্তী অভিনয় করবেন। আগামী অক্টোবরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।