সন্ধ্যায় 'ডুব', তারকারা হাজির

বছরের অন্যতম আলোচিত ও প্রতিক্ষীত ছবি ‘ডুব’–এর আনুষ্ঠানিক উদ্বোধনী প্রদর্শনী আজ। সন্ধ্যায় ভারতের কলকাতার কোয়েস্ট মল আইনক্সে হবে প্রর্দশনী। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে এরই মধ্যে ছবির কলাকুশলীরা কলকাতায় এসে পৌঁছেছেন। মুম্বাই থেকে এসেছেন ইরফান খান।
বাংলাদেশ থেকে ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশা বেলা একটায় কলকাতায় এসেছেন। উঠেছেন শহরের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে ছবির আরেক অভিনেত্রী পার্নো মিত্র এসে পৌঁছেন বেলা দুইটায়।
কাল শুক্রবার বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশে মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’।

এর আগে ‘ডুব’ ছবির উদ্বোধনী প্রিমিয়ার প্রসঙ্গে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, যেহেতু ছবির অধিকাংশ শিল্পী বাংলাদেশের, গল্প, চিত্রনাট্য, শুটিং, গান—সবই হয়েছে বাংলাদেশে, তাই যৌথ প্রযোজনার এ ছবির ভারত অংশের প্রযোজকের অনুরোধে এর প্রিমিয়ার শো কলকাতাতে করা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতে এসকে মুভিজ, বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ছবিটির সহপ্রযোজক অভিনেতা ইরফান খানও।