সাইমনের সঙ্গে পিয়া বিপাশা

এখন পর্যন্ত পিয়া বিপাশার ‘রুদ্র’ নামে একটি ছবিই মুক্তি পেয়েছে। তবে এর মধ্যে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ আছেন তিনি। অন্যদিকে সাইমন সাদিক ঢালিউডের একাধিক ছবির নায়ক। এবার এই দুজন প্রথম জুটি বাঁধলেন নতুন একটি ছবিতে। নাম ‘এত প্রেম এত মায়া’। পরিচালনা করছেন মুস্তাফিজুর রহমান মানিক।
ছবিতে ‘সুমন’ চরিত্রে অভিনয় করছেন সাইমন আর ‘কবিতা’ চরিত্রে পিয়া বিপাশা।
সাইমন সাদিক তাঁর নায়িকা পিয়া সম্পর্কে বলেন, ‘তাঁর ভালো সম্ভাবনা আছে। চলচ্চিত্রে তাঁর কাজের অভিজ্ঞতা কম। এখানকার ভাষা আলাদা। আরও কিছুদিন শুটিং করলে ঠিক হয়ে যাবে।’
সাইমনের সঙ্গে কাজের নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ‘যেকোনো সেটেই প্রথম দিন আমার কাজে সমস্যা হয়। কিন্তু সাইমন ভাই প্রথম দিন থেকেই সহশিল্পী হিসেবে আমার সংলাপ সঠিকভাবে ধরিয়ে দিয়ে সহযোগিতা করছেন। শট নেওয়ার আগে আমাকে অনুশীলনও করিয়ে নিচ্ছেন তিনি। এ ছাড়া পরিচালক তো আছেনই।’
গত পরশু থেকে ঢাকার নবাবগঞ্জের দোহারের লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত চলবে এই শুটিং।