সাগরে শুটিং, মধ্যরাতে ফুল দিতে শহীদ মিনারে

সমুদ্রগামী ট্রলারে সাইমন

প্রায় ১০ দিন ধরে কক্সবাজারের গভীর সমুদ্রে শুটিং চলছে সরকারের অনুদানের ছবি ‘জলরং’-এর। সেই শুটিং থেকেই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল নিয়ে হাজির হলো পুরো শুটিং দল। রাত একটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিলেন তাঁরা।

শুটিং শেষ করে ইউনিটের সবাই মিলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাইমনরা

ছবির নায়ক সাইমন সাদিক জানান, ঢাকায় থাকলে এফডিসির শহীদ মিনারে ফুল দেওয়া হয়। কিন্তু শুটিংয়ে বাইরে থাকায় শহীদবেদিতে ফুল দেওয়া হবে না, এটা তো হতে পারে না। তিনি বলেন, ‘গতকাল দুপুরে সমুদ্রে শুটিং করতে করতে সবাই মিলে ফুল দেওয়া কথা পরিচালককে জানালে রাজি হন পরিচালক। দিনে ফুল সংগ্রহ করেছিলাম। শুটিং শেষ করে ইউনিটের সবাই মিলে রাত একটায় শহীদ মিনারে গিয়েছিলাম। এটি আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।’

সাইমনসহ এই দলে ছিলেন ছবিটির পরিচালক অপূর্ব রানা, অভিনেতা রাশেদ মামুন অপু, আরজু, শরিফ চৌধুরী, নায়িকা উষ্ণ হক প্রমুখ।

‘জলরং’য়ের শুটিং চলছে জলের ওপরে

সাইমন জানান, এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সুমী। তাঁর বাবা–মা দুজনই ভাষাসৈনিক। শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে তিনিও ছিলেন। ফুল দেওয়া শেষে তিনি আবেগাক্রান্ত হয়ে পড়েন। কান্নাকাটি করেছেন তিনি।