সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প
কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেল ইমন ও নবাগত সালওয়া অভিনীত ‘বীরত্ব’। গতকাল সোমবার দুপুরে সেন্সর বোর্ড থেকে সেন্সর সনদপত্র হাতে পেয়েছে ছবিটি। এখন আর প্রেক্ষাগৃহে মুক্তিতে কোনো বাধা থাকল না ছবিটির।
ছবির পরিচালক সাইদুল ইসলাম জানান, গত সপ্তাহের মঙ্গলবার সেন্সর বোর্ডে ছবিটি জমা দেওয়া হয়েছিল। বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। বোর্ডের দুজন সদস্য আমাকে ফোনও দিয়েছিলেন। ছবিতে কোনো সমস্যা পাননি।’
একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প ‘বীরত্ব’। পরিচালক জানান, গল্পের প্রয়োজনে দেশের নানা প্রান্তে শুটিং করা হয়েছে।
বলেন, ‘ছবিটিতে লোকেশনের বৈচিত্র্য আছে। গল্পের প্রয়োজনে আমরা ঢাকা, সিলেট, রাজবাড়ী, ফরিদপুর, গাজীপুরসহ অনেকগুলো জায়গায় শুটিং করেছি। বাজেটের সঙ্গে আপস করিনি। লোকেশন, গল্প ও নির্মাণে ছবিটির মধ্যে নতুনত্ব খুঁজে পাবেন দর্শক।’
কবে মুক্তি পাবে ছবিটি—জানতে চাইলে ছবির প্রযোজক শুকলা বণিক বলেন, ‘করোনা কাটিয়ে ঈদুল ফিতর থেকে প্রেক্ষাগৃহে দর্শকের অংশগ্রহণ বেড়েছে। ঈদুল আজহার সিনেমা নিয়েও দর্শকের একটা আগ্রহ আছে। এভাবে আস্তে আস্তে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি বাড়বে মনে হচ্ছে। সুতরাং আমরা একটু সময় নিচ্ছি। আশা করছি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দিতে পারব।’
‘বীরত্ব’ ছবিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নিপুণ, ইন্তেখাব দিনার, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার, আহসান হাবিব, মনিরা মিঠু, কচি খন্দকার, মিষ্টি জান্নাত, রওনক হাসান প্রমুখ।