সালমানের জন্মদিনের আয়োজন

কেক কেটে ও স্মৃতিচারণার মধ্য দিয়ে প্রিয় নায়কের জন্মদিন উদ্যাপনের উদ্যোগ নিয়েছেন সালমান শাহর ভক্ত ও সহকর্মীরা। আগামী ১৯ সেপ্টেম্বর নব্বইয়ের দশকের সাড়া জাগানো এই নায়কের ৪৪তম জন্মবার্ষিকী। সেদিন বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) চত্বরের উন্মুক্ত মঞ্চে থাকবে আলোচনা সভা। এই আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলায় অংশ নেবেন মিডিয়া ব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, পরিচালক, প্রযোজকসহ টেলিভিশন ও চলচ্চিত্রজগতের অনেকে।
এ আয়োজন নিয়ে সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি জানান, সালমান শাহ অভিনীত চলচ্চিত্রগুলোতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের মধ্য থেকে কয়েকজনকে সেদিন জানানো হবে বিশেষ সম্মাননা।
বেশ কয়েক বছর ধরে সালমানের জন্মদিনের এই আয়োজনটি করে আসছে সালমান শাহ স্মৃতি পরিষদ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সে সময়ের জনপ্রিয় নায়ক সালমান রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।