সিনেমা হলে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছবির বয়স এক সপ্তাহ পেরোল। রাজনীতি, নবাব, বস ২ নিয়ে চলছে বিস্তর আলোচনা—ভালো-মন্দ, নিয়ম-অনিয়ম। তবে দর্শক ঈদের দিন থেকে উৎসবের রীতি মনে করেই ছুটে গিয়েছেন প্রেক্ষাগৃহে। দেখেছেন ঈদের ছবি। দেশের বিভাগীয় শহরগুলোর প্রেক্ষাগৃহে ঈদ কতটা আনন্দ নিয়ে এসেছে, সেই খবর জানিয়েছেন প্রথম আলোর স্থানীয় প্রতিনিধিরা।
রাজশাহীর উপহারে বস ২ দেখতে দর্শকদের ভিড়
রাজশাহীর উপহারে বস ২ দেখতে দর্শকদের ভিড়

ঈদের দিন থেকে পরবর্তী চার দিন ‘হাউসফুল’ ছিল রাজশাহী নগরের একমাত্র সিনেমা হল উপহার। হঠাৎ সিনেমা হলে উপচে পড়া ভিড় দেখে হল কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দের রেশ এসে পড়েছে সিনেমা হলে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার বস-২ ছবিটি দর্শক টানতে সহায়তা করেছে।
রাজশাহীর পবা উপজেলায় একটি, তানোর উপজেলায় একটি ও বাঘা উপজেলায় দুটি সিনেমা হল রয়েছে। বাঘার একটিসহ অন্য উপজেলার হল দুটিতে ঈদের সিনেমায় দর্শক উপস্থিতি ছিল ভালো।
রাজশাহী নগরের উপহার হল নগরের গৌরহাঙ্গা এলাকায় অবস্থিত। এই হলে আসনসংখ্যা ১ হাজার ৫। গত কোরবানির ঈদের পর একমাত্র আয়নাবাজি সিনেমার সুবাদে হলটি দর্শক সরগরম হয়ে উঠেছিল। তারপর সারা বছর এই সিনেমা হলে তেমন দর্শক উপস্থিতি চোখে পড়েনি। এবার ঈদের দিনই বস-২ সিনেমাটি ছিল হাউসফুল। টানা চার দিনের সব প্রদর্শনীতে হলটির কোনো আসন খালি ছিল না।
ঈদের পরদিন রাজশাহীর তানোর থেকে একটি ভটভটি ভাড়া করে সিনেমা দেখতে এসেছিলেন শাহাদত হোসেন, খাইরুল ইসলাম, মোহাম্মদ আলী, মামুনুর রশিদ ও হাবিবুর রহমান। কেন এত দূর থেকে রাজশাহী শহরে সিনেমা দেখতে এসেছেন—জানতে চাইলে তাঁরা বলেন, ঈদের আনন্দ করতেই রাজশাহীতে এসেছেন। তানোরে আনন্দ সিনেমায় নবাব দেখেছেন। তারপর রাজশাহীতে ভটভটি নিয়ে এসেছেন জিৎ–এর ছবি বস-২ দেখার জন্য। পুঠিয়ার বানেশ্বর থেকে এসেছিলেন আদিল হোসেন। তিনি বলেন, ‘পুঠিয়ায় সিনেমা হল বন্ধ হয়ে গেছে। অনেক দিন বড় পর্দায় ছবি দেখা হয় না। এই শখটা পূরণ করতে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে এসেছি।’
হলের ব্যবস্থাপক তপন কুমার দাস জানান, মানুষের মধ্যে একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজিত ছবিটিও আলোচিত, তাই ঈদের ছবিতে দর্শক জুটেছে।
তানোরের আনন্দ সিনেমায় এবার ঈদ উপলক্ষে নবাব, পবা উপজেলার বাবুল সিনেমায় রাজনীতি ও বাঘা উপজেলার লাকি সিনেমায় আপন মানুষ ছবি চলছে।