সিনেমার শুটিংয়ে সাড়া নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা হানা দেওয়ার পর ডজনেরও বেশি ছবির শুটিং স্থগিত হয়ে যায়। ছবি: সংগৃহীত
করোনা হানা দেওয়ার পর ডজনেরও বেশি ছবির শুটিং স্থগিত হয়ে যায়। ছবি: সংগৃহীত

অনুমতি মিললেও এখনো শুরু হয়নি সিনেমার শুটিং। শুটিংয়ের অনুমতি মিলেছে দুই সপ্তাহ চলল। তবু একটি সিনেমা ছাড়া আর কোনো সিনেমার শুটিংয়ের খবর মেলেনি।

করোনাভাইরাস সংক্রমণের কারণে সিনেমার শুটিং বন্ধ করার ঘোষণা দিয়েছিল চলচ্চিত্রের সমিতিগুলো। আড়াই মাস বন্ধ থাকার পর ৫ জুন থেকে স্বাস্থ্যবিধিসহ কিছু নির্দেশনা মেনে শুটিংয়ের অনুমতি মেলে। দুই সপ্তাহ পার হলেও শুটিং অ্যাকশন কাটেরও কোনো খবর নেই। কেবল বিক্ষোভ নামের একটি ছবির দুই দিনের খুচরা শুটিং হয়েছে।

এ কারণ হিসেবে সামনে এসেছে ক্রমাগত সংক্রমণ বৃদ্ধির বিষয়টি। ঠিক এই সময়ে অভিনয়শিল্পীরা ঝুঁকি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে চাইছেন না। সিনেমার শুটিংয়ে বড় ইউনিট থাকে। তাই ঝুঁকি থেকেই যায়। কেউ বলছেন, এখন প্রযোজকদের বাজেট সমস্যাও তৈরি হয়েছে। আগামী দিনগুলোতে কী পরিস্থিতি তৈরি হয়, তা তাঁরা পর্যবেক্ষণ করছেন। তাই শুটিংয়ে বিলম্ব হচ্ছে।
প্রযোজক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, 'অনুমতির পরও কেন শুটিং হচ্ছে না, সে ব্যাপারে প্রযোজক বা পরিচালকেরা কিছুই বলছেন না আমাদের। যতটুকু বুঝতে পারছি এই পরিস্থিতিতে ছবির বাকি কাজ শেষ করতে আর্থিক সংকটে পড়েছেন অনেক প্রযোজক। কিংবা সামনে সিনেমার ব্যবসা আরও খারাপ হতে পারে ভেবে নতুন ছবির শুটিংয়ের ঝুঁকি নিচ্ছে না কেউ কেউ।'

চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের আমার মা আমার বেহেস্ত ও আগুন নামে দুটি ছবির শুটিং বাকি আছে। খোকন বলেন, 'পরিস্থিতি কিছুটা স্বাভাবিক না হলে আমার ছবির প্রধান শিল্পীরা কাজ করতে চাইছেন না। আমিও চাইছি কিছুদিন পরে কাজ শুরু করতে।'

রোমান্টিক দৃশ্য শুটিংয়ের জন্য পুরো ইউনিটের করোনা টেস্টের সনদ লাগবে। ছবি: সংগৃহীত
রোমান্টিক দৃশ্য শুটিংয়ের জন্য পুরো ইউনিটের করোনা টেস্টের সনদ লাগবে। ছবি: সংগৃহীত

করোনা হানা দেওয়ার মধ্য দিয়ে ডজনেরও বেশি ছবির শুটিং স্থগিত হয়ে যায়। কেউ কেউ আবার নতুন ছবির শুটিং শুরু করতে চেয়েছিলেন। কিন্তু কেউ-ই শুটিংয়ে নামছেন না। ‍কারণ হিসেবে এই নির্মাতা বলেন, 'সরকারি স্বাস্থ্যবিধির সঙ্গে সমিতিগুলোর নির্দেশনা আছে রোমান্টিক, গান ও ফাইট—এই তিন দৃশ্য শুটিংয়ের জন্য পুরো ইউনিটের করোনা টেস্টের সনদ লাগবে। সমিতিগুলোর সম্মিলিতভাবে কঠোর সিদ্ধান্ত দেওয়া আছে এ ব্যাপারে। শুটিংয়ে ৭০-৮০ জনের ইউনিট থাকে। এতগুলো মানুষের করোনা টেস্ট করা ঝামেলা মনে করে প্রযোজক, পরিচালকদের অনেকই কাজে ফিরছেন না।'
ইত্তেফাক ও স্বপ্নবাজি নামে দুটি ছবির শুটিং আটকে আছে পরিচালক রায়হান রাফির। তিনি বলেন, 'ছবির নায়ক–নায়িকা কাজ শুরু করতে আরও এক মাস সময় চাইছেন। তাঁরা পরিবারের লোকজনের কথা ভেবে ঝুঁকি নিতে চাইছেন না। এ কারণে কাজ শুরু করা যাচ্ছে না।'

বিক্ষোভ নামের একটি ছবির দুই দিনের খুচরা শুটিং হয়েছে। ছবি: সংগৃহীত
বিক্ষোভ নামের একটি ছবির দুই দিনের খুচরা শুটিং হয়েছে। ছবি: সংগৃহীত

ইত্তেফাক ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, 'বর্তমান পরিস্থিতি ভয়ংকর। তা ছাড়া ইত্তেফাক ছবিটির বাকি শুটিং বড় আয়োজনে করতে হবে। এই আয়োজনের মধ্যে কাজ করতে গিয়ে নিজেকে বিপদে ফেলতে রাজি না। আগামী ঈদুল আজহার পর শুটিংয়ে ফেরার ইচ্ছা আছে।'
এদিকে নবাব এলএলবি ও ত্রিভুজ নামেও দুটি ছবির শুটিং আটকে আছে। নবাব এলএলবির পরিচালক অনন্য মামুন জানান, শাকিব খানের সঙ্গে কথা হয়েছে, আরও কিছুদিন তিনি করোনা পরিস্থিতি দেখবেন। তারপরে শুটিংয়ে যাবেন।