সিনেমায় নতুন পরিচয়ে মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুর রহমান মিলন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিনেমায় তো অনেক আগেই নাম লিখিয়েছেন আনিসুর রহমান মিলন। তাহলে আবার নতুন পরিচয় কী। এই অভিনেতা মুখেই শুনুন। ‘অনেক দিনে আগে থেকেই সিনেমা নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। করোনার কারণে পরিকল্পনা পেছাতে হয়। পরিস্থিতি ভালো হলে আগামী দুই মাসের মধ্যে শুটিং শুরু করব। প্রথমবারের মতো সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি।’

টেলিভিশন ও ওটিটিতে নিয়মিত অভিনয় করছেন আনিসুর রহমান মিলন
ছবি: ফেসবুক থেকে

তিনটি চিত্রনাট্য নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন এই অভিনেতা। তার মধ্যে ‘লাল বাকশো’ নামের একটি গল্প তাঁর খুবই পছন্দ। গল্পটা নিজেই লিখেছেন আর চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। এখন শুটিংয়ের পূর্বপ্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ১৭ জন অভিনয়শিল্পীর বেশ কয়জনকে প্রাথমিক তালিকায় রেখেছেন। অন্যান্য কাজও এগিয়ে নিয়েছেন। এ অভিনেতা বলেন, ‘আমরা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বসেছি। কিছু অভিনয়শিল্পীর সঙ্গে কথা হয়েছে। অনেকেই পছন্দের তালিকায় রয়েছেন। তাঁদের নাম বলা ঠিক হবে না। কারণ, পরে যদি তিনি অভিনয় করতে না পারেন, তাহলে কষ্ট পাবেন। তবে গুরুত্ব দিয়ে কাজগুলো করছি।’

তিনটি চিত্রনাট্য নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন এই অভিনেতা
ছবি: ফেসবুক থেকে

দৃশ্যে ধারণে নাকি আগেই যাওয়ার পরিকল্পনা ছিল। করোনার কারণে বারবার পেছাতে হয়েছে পরিকল্পনা। ১০০ জনের টিম নিয়ে করোনার মধ্য শুটিং করা ঝুঁকিপূর্ণ মনে করছেন এ অভিনেতা। তবে প্রথম নির্মাণে কোনো ছাড় দিতে চান না। পরিস্থিতি ভালো হলে অক্টোবরের দিকে শুটিং করতে চান মিলন। সিনেমা পরিচালনার জন্য দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ করে হাত পাকাচ্ছেন এ অভিনেতা।

অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন মিলন
ছবি: সংগৃহীত

নিজের নির্মিত নাটকে অভিনয় করেন না মিলন। সিনেমায় অভিনয় করবেন কি না, তা জানতে চাইলে বলেন, ‘মূল চরিত্রে আমার সঙ্গে যায় না। আমি গল্পে ছাড় দিতে চাই না। ভিলেন বা বিশেষ কোনো চরিত্রে অভিনয় করতে পারি। মূলত, এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্নের সঙ্গে থাকতেই সিনেমায় নাম লেখাচ্ছি।’ আপনার স্বপ্নের এ সিনেমায় পছন্দের আর কাকে দেখা যাবে। ‘আমি পছন্দের অনেকেই সিনেমাতে কাস্টিং করতে চাই, যারা গল্পের সঙ্গে মানানসই। কিন্তু এ মুহূর্তে তাদের নাম বলাটা ঠিক হবে না।’