সুচরিতার মন্তব্যের জবাবে যা বললেন নিপুণ
‘নিপুণ, এসব ভুইলা এই মেধাটা শিল্পে লাগাও না। তুমি দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছ, সেই সম্মানটুকু রক্ষা করো। আমি তোমার বড় বোন, তোমাকে অনুরোধ করছি, তুমি অভিনয়ের চর্চা করো। অভিনয়ের দিকে বেশি করে মনোনিবেশ করো। অভিনয় ছেড়ে এসব করে কী লাভ সোনা!’
সুচরিতার এমন বক্তব্যের তিন দিন পর মুখ খুললেন নিপুণ। এফডিসির বাগানে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘সুচরিতা আপা বড় বোনের মতো। আমার প্রথম চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অনেক সময় রাগে বা অন্য কোনো কারণে অনেক কিছু মানুষ বলে ফেলেন। উনি একটা প্যানেলে আছেন, কাউকে সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই কথাগুলো যখন গণমাধ্যমে প্রচার করা হয়, তখন চলচ্চিত্রের প্রকৃত শিল্পীদের নিয়ে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়।’
গত বুধবার নিজের পক্ষে আদালতের রায় পেয়ে এফডিসিতে এসে সংবাদ সম্মেলন করেন জায়েদ খান। সংবাদ সম্মেলনে জায়েদের বক্তব্য থামিয়ে সুচরিতা বলেন, ‘নিপুণ, এসব ভুইলা এই মেধাটা শিল্পে লাগাও না। একটা হিরোইন হিসেবে তুমি নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করো।’ গতকাল রোববার জায়েদ খানের পক্ষের সেই রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। এই রায়ের পর গতকাল এফডিসিতে আসেন নিপুণ এবং সংবাদ সম্মেলনও করেন।
ওই দিন জায়েদের সংবাদ সম্মেলনে পাশে ছিলেন সুচরিতা। গতকাল নিপুণের পাশে ছিলেন চিত্রনায়ক সাইমন, যিনি শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। সংবাদ সম্মেলনের শেষের দিকে একটা বিশেষ বিষয় নিয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে নিপুণ বলেন, ‘যেদিন জায়েদ খান এখানে (এফডিসিতে) এসেছিলেন, তখন শ্রদ্ধেয় দুজন অভিনেত্রী ছিলেন। এর মধ্যে সুচরিতা আপর সঙ্গে প্রথম ছবি, সেই ছবিতে তিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেন। তাঁকে নিয়ে আর এমন কিছু যদি না লেখেন, আমি খুব খুশি হব। আজকে যে আমি নিপুণ, আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি, এ ক্ষেত্রে তাঁদের অনেক ভূমিকা। তিনি এভাবে কথা বলতেই পারেন। যেদিন আমি একদম নতুন একটা মেয়ে ছিলাম, সেদিন উনারাই ছিলেন আমার অভিনীত ওই ছবির অলংকার। রাজ্জাক আংকেল আমার বাবা আর সুচরিতা আপা ছিলেন মায়ের চরিত্রে। সেদিন তাঁরা যদি সাপোর্ট না দিতেন, আমি কখনোই এত দূর আসতে পারতাম না। উনি যেহেতু একটা প্যানেলে আছেন, কাউকে সাপোর্ট করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই কথাগুলো যখন গণমাধ্যমে আসে, তখন চলচ্চিত্রের প্রকৃত শিল্পীদের নিয়ে মানুষের নেতিবাচক ধারণা তৈরি হয়। তিনি খুবই গুণী একজন অভিনেত্রী। আমাদের অনুপ্রেরণা।’
নিপুণ এও বলেন, ‘আমি কয়েকজন মানুষকে নিয়ে কখনোই কথা বলতে পারব না। তার মধ্যে রুবেল ভাই (চিত্রনায়ক রুবেল) একজন। আমার প্রথম ছবির নায়ক, যদিও “রত্নগর্ভা মা” নামের সেই ছবি আজও মুক্তি পায়নি। আমি কিন্তু কখনোই টেলিভিশনে কাজ করিনি। আমেরিকা থেকে এসে সরাসরি চলচ্চিত্রে কাজ করেছি। এই কথাগুলো এ কারণে বলছি, রাগের কারণে মানুষের স্লিপ অব টাং হতে পারে। অনেক কিছু বলে ফেলতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের চলচ্চিত্রের প্রকৃত শিল্পীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, এমন কিছু প্রচার করবেন না। এই রুবেল ভাইয়ের সঙ্গে কাজ করার পরপরই আমি “পিতার আসন” চলচ্চিত্রে অভিনয় করেছি। এরপর মান্না ভাইয়ের সঙ্গে। তাই এই কয়জনের ব্যাপারে আমি কখনোই কিছু বলতে পারব না।’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় গতকাল দুপুরে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত করে নিপুণ আক্তারের করা শুনানি নিয়ে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি ৪ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।