সেই দিনটা ছিল আমার জন্য সম্মান ও গর্বের
বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের সুযোগটা জীবনের সেরা প্রাপ্তির একটি বলে মনে করেন অভিনেতা গাজী রাকায়েত। গুণী এই অভিনেতা জানালেন, আরও বেশি সম্মানিত বোধ করেছেন সিনেমার শুটিং তাঁর দৃশ্য দিয়ে শুরু করায়। আজ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকীতে মহরতের দিনের ছবি শেয়ার করে জাতির জনককে শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেতা।
গাজী রাকায়েত বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমাটা আমাদের বাঙালিদের জন্য বিশেষ। এটা শুধুই সিনেমা নয়, এর সঙ্গে আমাদের আবেগ জড়িত। সেই সিনেমায় অভিনয়ের জন্য যখন প্রথম বলা হলো আমাদের দৃশ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হবে, তখন নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছিল। আমি খুবই সম্মানিত বোধ করেছি। এটা আমার জন্য বিশেষ পাওয়া ছিল।’
সিনেমায় খুবই অল্পসংখ্যক দৃশ্য ছিল। এটা নিয়ে তিনি কিছুই ভাবেননি। তিনি শুধু মনোযোগ দিয়ে কাজটি করে গেছেন। গাজী রাকায়েত বলেন, ‘একদম শুরুর দিকে আমাদের দর্শক দেখবেন। রেণুর দাদা আবদুল হামিদের চরিত্রে অভিনয় করেছি। বাস্তব চরিত্র সম্পর্কে অনেক আগে থেকেই জানতাম। বঙ্গবন্ধুর বিষয়ে আমার বিস্তর পড়াশোনা আছে। চরিত্রটির জন্য আরও অনেক কিছু জেনেছি। আমার দৃশ্য হয়তো চার–পাঁচ দিনেই শেষ হতো। কিন্তু শুরুর দৃশ্যটির জন্য আমাকে ১৬ দিন থাকতে হয়েছিল। সিনেমাটি আমার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা।’
করোনায় কারণে কিছুটা বিলম্বিত হয়ে গত বছর শুরু হয় দৃশ্যধারণ। সম্প্রতি বায়োপিকের নাম পরিবর্তন করা হয়েছে। সিনেমাটির প্রোডাকশন থেকে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, সিনেমাটির পরিবর্তিত নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। ভারতের এনএফডিসি সূত্রে জানা যায়, সিনেমাটিতে প্রধান দুটি ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া এনএফডিসি তাদের ফেসবুকে পোস্ট করে সিনেমাটির অফিশিয়াল পোস্টার উন্মুক্ত করে। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল।