সেকালের গান, একালের নায়ক–নায়িকা
‘আমার কাঙ্ক্ষের কলসি, জলে গেল রে ভাসি...’। তুমুল জনপ্রিয় এই লোক গান ‘প্রাণসজনী’ ছবির। সেই সময় ছবির সংগৃহীত এই গানে সুর দেন শিল্পী সাবিনা ইয়াসমিন। গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। অভিনয় করেছিলেন অঞ্জু ঘোষ ও তাপস পাল। পরবর্তী সময়ে ‘প্রেমের স্মৃতি’ নামে বাংলাদেশি আরেকটি সিনেমায়ও গানটি রাখা হয়েছিল। সেখানে কণ্ঠ দিয়েছিলেন শিল্পী রুনা লায়লা ও খালেক। অভিনয় করেন নায়িকা চম্পা, নায়ক মান্না ও আলীরাজ।
এবার গানটি রিমেক হলো ‘আদম’ সিনেমায়। গত রোববার জামালপুরের লোকেশনে শুটিং শেষ হয়েছে গানটির। অভিনয় করেছেন ছবির নায়ক-নায়িকা ঐশী ও ইয়াশ রোহান। এত জনপ্রিয় একটি গানের সঙ্গে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন ঐশী। তিনি বলেন, ‘ছবির শুটিং শুরুর আগে জেনেছিলাম এই গান থাকবে। যে গানের সঙ্গে একসময় বাংলাদেশের লিজেন্ডরা জড়িত ছিলেন, সেই গানে আমি থাকব, ভাবিনি। আমার কাছে এটি একটি সারপ্রাইজ। বলতে পারেন, এটি আমার কপাল।’
এই অভিনেত্রীর কথা, এ ধরনের জনপ্রিয় গানগুলো শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডামসহ তখনকার জনপ্রিয় অনেক তারকাদের ছবিতে রিমেক হতো। ২০২২ সালে এসে এমন একটি জনপ্রিয় গানের নায়িকা হতে পেরে নিজের কাছে ভালো লেগেছে ঐশীর।
এই অভিনেত্রী জানালেন শুটিং করার আগে দুটি সিনেমার গানের ফুটেজ দেখেছেন তিনি। বলেন, ‘যেহেতু গানের কথা একই। নতুন করে তো কিছু করা যাবে না। কিন্তু ধারণা নেওয়ার জন্য দুই ছবিরই এই গান দেখেছি। তা ছাড়া এটি আমার দায়িত্বের মধ্যেও পড়ে।’
ইয়াশ রোহান বলেন, ‘এর আগে এ ধরনের কাজ না করলেও কাজটি উপভোগ করেছি। নতুন অভিজ্ঞতা হয়েছে। শুটিংয়ের আগে গানটির পুরোনো দুটি ভার্সন দেখেছি। রিমেকে আমরা একটু মডার্নভাবে করার চেষ্টা করেছি। এখন পর্দায় দেখার পর ঠিকঠাক করতে পেরেছি কি না, দর্শকের প্রতিক্রিয়ায় বোঝা যাবে।’
গানটি প্রসঙ্গে ছবির পরিচালক আবু তাওহিদ বলেন, ‘এই গান রেখে পুরোনো দিনের সিনেমার একটি আমেজ রাখার চেষ্টা করেছি এই ছবিতে। তাপস পাল ও অঞ্জু ঘোষের মতো বা আমাদের চম্পা, মান্না ও আলীরাজের মতো হয়তো হবে না। তবু ঐশী ও রোহান চেষ্টা করেছেন।’
এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই ক্লোজআপ ওয়ান তারকা রাজীব ও লিজা। নতুন করে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।