স্বামী ফারুকীর ছবির প্রচারণায় স্ত্রী তিশা

এমনিতেও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অধিকাংশ ছবিতেই অভিনয়শিল্পী হিসেবে থাকেন তিশা। নির্মাতা-অভিনয়শিল্পী সম্পর্কের বাইরে যে দুজনের সম্পর্ক স্বামী-স্ত্রীর। ফারুকীর নতুন ছবি পিঁপড়াবিদ্যায় অভিনয় না করলেও এবার নির্মাতা ফারুকীর স্ত্রী হিসেবেই এ ছবির প্রচারণায় নেমেছেন তিশা।
এ প্রসঙ্গে তিশা বলেন, ‘এর আগে ফারুকীর আগের ছবিগুলোর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন-এ আমি অভিনয় করেছি। তখন অবশ্য অভিনয়শিল্পী হিসেবেই ছবির প্রচারণায় অংশ নিয়েছিলাম। পিঁপড়াবিদ্যা ছবিতে যদিও আমি অভিনয় করিনি কিন্তু ছবিটির সঙ্গে নানাভাবে যুক্ত। ছবিটির মুক্তির দিন যতই এগিয়ে আসছিল, ততই আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। যেহেতু ভালো মানের একটি ছবি, আর পরিচালক আমার স্বামী, তাই স্ত্রী হিসেবে ছবিটির প্রচারণায় অংশ নেওয়াটা আমার দায়িত্বই বলতে পারেন। সবাই প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে।’
২৪ অক্টোবর ছবিটি ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকে ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে পিঁপড়াবিদ্যা ছবির ইউনিট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিশা। আর সবাইকে দলে দলে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। এক প্রেক্ষাগৃহ থেকে আরেক প্রেক্ষাগৃহে ছোটাছুটিতে নতুন সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন তিনি। ভক্ত ও দর্শকদের সঙ্গে ছবিটি সম্পর্কে নানা ধরনের অভিজ্ঞতাও শেয়ার করেছেন বলে জানান তিশা।
এদিকে পিপড়াবিদ্যা ছবির মুক্তির কারণে শুটিং থেকে কয়েক দিনের ছুটি নিয়েছেন তিশা। বললেন, ‘সারা মাসই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আপাতত কয়েকটা দিন পিঁপড়াবিদ্যা নিয়ে ব্যস্ত থাকতে চাই। এরই মধ্যে অনেকে ছবিটি দেখে তাঁদের ইতিবাচক মতামত জানিয়েছেন। তাঁদের এসব মতামত জানতে পেরে আমি অনেক খুশি। মনে হচ্ছে, পিঁপড়াবিদ্যা সাফল্যের পথেই এগিয়ে যাচ্ছে।’