হজে যাচ্ছেন সুচন্দা ও ববিতা

পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের দুই গুণী অভিনয়শিল্পী সুচন্দা ও ববিতা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন দুই সহোদরা। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই জানালেন সুচন্দা ও ববিতা। সুচন্দার ছেলে তপু রায়হান ও তাঁর স্ত্রী শাহিন রায়হান এবং মেয়ে লিসার স্বামী আবদুল্লাহ জাবেরও যাচ্ছেন সঙ্গে।
সুচন্দা বলেন, ‘আল্লাহর রহমতে এক জীবনে অনেক কিছুই পেয়েছি। যে সৃষ্টিকর্তার কারণে এত কিছু করতে পারছি, তাঁর সন্তুষ্টি লাভের আশায় হজ পালনের পরিকল্পনা করি।’
সুচন্দা এও বলেন, ‘দুই বছর ধরে ভাবছিলাম হজে যাওয়ার কথা। কিন্তু শারীরিক অসুস্থতা ও নানা জটিলতার কারণে হজে যাওয়া হয়ে ওঠেনি। অবশেষে এবার সময় ও সুযোগ দুটোই মিলে যাওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম।’
ববিতা বলেন, ‘অভিনয় করে যা পেয়েছি তা নিয়ে বলার কিছুই নেই। এককথায়, আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট। দেশে ও দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে অফুরন্ত ভালোবাসা ও প্রশংসা পেয়েছি। সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের জন্য হজ করার সিদ্ধান্ত নিই। চার বছর আগে ওমরাহ পালনের সময় ইচ্ছে হয় হজ পালনের। দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন।’